নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে কোল্ড বাজি উত্পাদনের সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ বিয়ের অনুষ্ঠান, খেলার মাঠ, অনুষ্ঠান মঞ্চে কোল্ড বাজির ব্যবহার বাড়ছে। শুক্রবারে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকারস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক শুকদেব নস্কর বলেন, ‘আমরা নাগপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা রাজ্যের এমএসএমই-র সঙ্গে গাঁটছড়া বেঁধে কোল্ড বাজি নিয়ে একটি প্রশিক্ষণ করবেন বলে জানিয়েছেন। সেখানে ব্রিটেন-জার্মানি থেকেও বিশেষজ্ঞরা আসবেন। সব ঠিক থাকলে আগামী বছর জানুয়ারি মাসে এই প্রশিক্ষণ হবে।’ এই কোল্ড বাজি বাড়ির ভিতর বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। শুকদেববাবুর বক্তব্য, ‘এখন সাধারণত এগুলি চীন থেকে নিয়ে আসা হয়। যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব।’ ইউনিয়নের তরফে সকল বৈধ উত্পাদনকারীদের দ্রুত লাইসেন্স দেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি ইউনিয়নের তরফে আতশবাজি সংগঠনের বাবলা রায়ের বিরুদ্ধে লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আনা হয়েছে। যদিও বাবলাবাবু সমস্ত অভিযোগ নস্যাত্ করেছেন।



