সংবাদদাতা, কাকদ্বীপ: এলাকার প্রতিটি রাস্তার দুই ধারে এবার বিভিন্ন গাছ বসানোর উদ্যোগ নিল কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত। এজন্য পঞ্চায়েতের পক্ষ থেকে লিখিতভাবে বনদপ্তরকে জানানোও হয়েছে। অনুমোদন মিললেই ফের সবুজ হয়ে উঠবে পঞ্চায়েতের প্রতিটি রাস্তা।
অতীতে এই এলাকার প্রতিটি রাস্তার দুই ধারে প্রচুর গাছ ছিল। তবে সেই সময় এখানকার বেশিরভাগ রাস্তা মাটি ও ইটের ছিল। কিন্তু বর্তমানে এই পঞ্চায়েতের বেশিরভাগ রাস্তা ঢালাই ও পিচের হয়ে গিয়েছে। নতুন করে রাস্তাগুলি তৈরি করার সময় অনেকটাই চওড়া করা হয়েছে। ফলে প্রচুর গাছও কাটা পড়েছে। বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ রাস্তার দুই ধার প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। তীব্র রোদ বা বৃষ্টি মাথায় নিয়ে পথচারীদের যাতায়াত করতে হয়। তাই এবার প্রায় ১০০ কিলোমিটার পিচ ও ঢালাই রাস্তার দুই ধারে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে গ্রাম পঞ্চায়েত।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দেবপ্রসাদ মান্না বলেন, অতীতে এই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি রাস্তার দুই ধারে বিভিন্ন গাছ ছিল। বিশেষত ঝাউ, সোনাঝুরি, মেহগনি ও বনতুলসীর মতো বিভিন্ন গাছ দেখা যেত। কিন্তু পরে রাস্তা চওড়া করার জন্য সেই গাছগুলিকে কাটতে হয়েছে। তাই বেশিরভাগ রাস্তার চারদিক ফাঁকা লাগে। আবার নতুন করে গাছ বসানো হলে গ্রামগুলির পক্ষে সত্যিই খুব ভালো হবে। গরমের সময় গ্রামের পরিবেশও ঠান্ডা থাকবে। ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ দাস বলেন, প্রতিটি রাস্তার দু’ধারে বিভিন্ন রকমের গাছ বসানো হবে। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে সুপারি গাছ বেশি করে বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যাঁরা গাছগুলির রক্ষণাবেক্ষণ করবেন, তাঁরাই ফল ভোগ করবেন বলে সিদ্ধান্তও হয়েছে।