নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মে মাসে প্রাক বর্ষা মরশুমে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির প্রবণতা বেড়ে যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এইসময় ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার মাত্রা বাড়ে। এজন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করে। আপাতত ১১ মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি মাত্রায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা আছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্র ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে ৭ মে পর্যন্ত। ৮ তারিখেও উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। ওইদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা থাকছে না। ঝড়বৃষ্টি বন্ধ হওয়ায় তখন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ওই ঘূর্ণাবর্তটি থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর অন্ধ্র উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর উপকূলীয় ওড়িশায়। দুটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তবে অনকূল পরিস্থিতি থাকলেও প্রতিদিন সব জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় না। শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হয়। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত শুধু দুই ২৪ পরগনার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়।



