পূর্ব মেদিনীপুরে ছাত্র  সংগঠনের সম্মেলন ঘিরে তুমুল উত্তেজনা, লাঠিসোটা নিয়ে হামলা, রক্তারক্তি
  • ১১ অক্টোবর, ২০২৬ ১৩:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও কলকাতা: আজ দুপুরে পূর্ব মেদিনীপুরের বাজকুলে একটি প্রাইভেট ডিএলএড কলেজে এসইউসি-র ছাত্র সংগঠনের সম্মেলন চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠে এল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। লাঠিসোটা নিয়ে হামলা চালায় তারা। হামলায় কয়েকজন রক্তাক্তও হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। এমনকি ওই বেসরকারি কলেজেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। 

Advertisement

জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সাধনচন্দ্র দাস অধিকারীর ওই বেসরকারি কলেজে ডিএসও ছাত্র সংগঠনের সম্মেলন চলছিল। সেই সময় একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়। এমনকি ডিএসও সংগঠনের সদস্যদেরও বেধড়ক মারধর করা হয়। কলেজেও অবাধে ভাঙচুর চলে। ওই তৃণমূল নেতার গাড়িতেও ভাঙচুর করে দুষ্কৃতীরা। ওই কলেজে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পের পুলিশ কর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে খবর। 

এআইডিএসও-র অভিযোগ, এই হামলায় একাধিক ছাত্র-ছাত্রীও আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই রক্তাক্ত অবস্থায় রয়েছেন। হামলায় সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ সুরজিৎ দাস এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পিন্টু দাস গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বিরোধী পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত ছাত্র সম্মেলনে এ ধরনের হামলার অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।