দেরাদুন, ৩০ মে: ২০২২ সালে উত্তরাখণ্ডের পাউড়ি জেলায় এক তরুণীকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হল বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে-সহ তিনজন। আজ, শুক্রবার এই সংক্রান্ত মামলায় রায় দিয়েছে উত্তরাখণ্ডের নিম্ন আদালত। বিচারকের রায়ের ফলে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য্য, সৌরভ ভাস্কর এবং অঙ্কিত গুপ্ত। তাদের যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছে আদালত।
২০২২ সালের ১৮ সেপ্টেম্বর অঙ্কিতা ভাণ্ডারি (১৯) নামের ওই তরুণী খুন হন। হৃষিকেশের কাছে একটি হোটেলে কাজ করতেন তিনি। সেই হোটেলের মালিক ছিল ওই বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত। মামলার তদন্ত করতে গিয়ে পুলিস জানতে পারে, অঙ্কিতার সঙ্গে কোনও এক কারণে ঝগড়া হয়েছিল পুলকিতের। পরে সে, ওই তরুণীকে খুন করে মৃতদেহ খালে ফেলে দেয়। এই ঘটনায় তাকে সাহায্য করেছিল হোটেলেরই দুই কর্মী। নাম সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্ত। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর খাল থেকে উদ্ধার হয় অঙ্কিতার মৃতদেহ। তদন্ত করতে গিয়ে পুলিস পুলকিত, সৌরভ ও অঙ্কিতের নাম জানতে পারে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এই খুনের ঘটনার তদন্তে গঠন করা হয় সিট-ও।
অঙ্কিতাকে খুনের সমস্ত তথ্য-প্রমাণ পেয়ে যান তদন্তকারী অফিসাররা। যা ছিল ওই তিন তরুণের বিরুদ্ধেই। এরপরই আদালতে ৫০০ পাতার চার্জশিট জমা দেয় সিট। তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। গত ২০২৩ সালের ২৮ মার্চ বিচার প্রক্রিয়া শুরু হয়। ৪৭ জন সাক্ষীর বয়ান ও যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে এদিন অঙ্কিতাকে খুনের ঘটনায় বহিষ্কৃত বিজেপি নেতার ছেলে পুলকিত সহ সৌরভ ও অঙ্কিতকে দোষী সাব্যস্ত করে আদালত। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০২, ২০১, ৩৫৪এ এবং গ্যাংস্টার মামলা দায়ের করা হয়েছিল।