Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, রাধিকাপুর স্টেশন থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি

চোরাপথে অনুপ্রবেশ করে দীর্ঘ কয়েকমাস ভিনরাজ্যে আত্মগোপন। তারপরও হল না শেষরক্ষা।

সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, রাধিকাপুর স্টেশন থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশি
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চোরাপথে অনুপ্রবেশ করে দীর্ঘ কয়েকমাস ভিনরাজ্যে আত্মগোপন। তারপরও হল না শেষরক্ষা। রেল পুলিসের জালে পাকড়াও তিন বাংলাদেশি যুবক। ডালখোলা জিআরপি থানার পুলিস ধৃত বাংলাদেশীদের সোমবার জেলা আদালতে হাজির করে।

Advertisement

আদালত সূত্রে খবর, প্রত্যেককে আপাতত জেল হেফাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করবে পুলিস। জিআরপির বক্তব্য, জেলার বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে অভিযুক্তদের পুলিস জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাঁরা বাংলাদেশি। তারপরই গ্রেপ্তার করা হয়।
জিআরপি সূত্রে খবর, রবিবার রাতে সীমান্তবর্তী রেল স্টেশন রাধিকাপুরে নজরদারি চালাচ্ছিল রেল পুলিস। সেসময় দেখা যায় তিনজন যুবক সন্দেহজনকভাবে স্টেশনে ঘোরাঘুরি করছেন। পুলিস তাঁদের সঙ্গে কথা বলে নাম, পরিচয় ও গন্তব্য কোথায় জানতে চায়। তখনই অসংলগ্ন কথা বলেন অভিযুক্তরা। সন্দেহ গাঢ় হতেই অভিযুক্তদের জিআরপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তাঁরা বাংলাদেশি নাগরিক। কয়েকমাস আগে এ দেশে অনুপ্রবেশ করেছেন। শেষে ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন সাহিল রানা, আবু সামাদ আলি ও আরমান আলি। এদের মধ্যে সাহিল বাংলাদেশের দিনাজপুর জেলার সাতাবগঞ্জের বাসিন্দা। বাকি দু’জন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকায় থাকতেন। ধৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। 
সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ, কালিয়াগঞ্জ সহ একাধিক সীমান্তবর্তী এলাকা থেকে অনুপ্রবেশকারীদের পাকড়াও করেছে পুলিস। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন অনুপ্রবেশের পর। আবার অনেককে ধরা হয়েছে জেলার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পথে। পুলিস সূত্র অনুযায়ী, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে কাজের খোঁজে অনেকে এদেশে ঢুকেছেন। কেউ আবার পাকাপাকিভাবে থাকার উদ্দেশ্য নিয়েও এসেছিলেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি
ডালখোলা জিআরপি থানা সূত্রে খবর, রবিবার রাতে পাকড়াও হওয়া বাংলাদেশি যুবকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা চোরাপথে কয়েকমাস আগে সীমান্ত টপকে এদেশে ঢোকেন। তারপর ভিনরাজ্যে পরিচয় গোপন করে শ্রমিকের কাজে যুক্ত হন। তবে এবার তাঁরা বাড়ি ফেরার জন্য রাধিকাপুর স্টেশন চত্বরে আসেন। সেখান থেকেই শেষপর্যন্ত পুলিসের হাতে পড়ে যান তাঁরা। জিআরপির তদন্তকারীদের সূত্রে দাবি, কোনও খারাপ পরিকল্পনা নিয়ে এদেশে অনুপ্রবেশ করেছিলেন কি না, তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জেলা আদালতের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, রবিবার রাতে ডালখোলা জিআরপি থানার পুলিস তিন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে জেলা আদালতে হাজির করে। ধৃতদের আপাতত জেল হেফাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে পুলিস। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ