Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার ভগত্ সিংয়ের মতাদর্শ প্রচারে ‘বাম নওজওয়ানরা’

মহাসমারোহে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের শতবর্ষ পালন। এইসময়ে দাঁড়িয়ে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সিদ্ধান্ত নিয়েছে ভগত্ সিংয়ের হাতে প্রতিষ্ঠিত নওজওয়ান ভারতসভার শতবর্ষ পালনের।

এবার ভগত্ সিংয়ের মতাদর্শ প্রচারে ‘বাম নওজওয়ানরা’
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাসমারোহে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের শতবর্ষ পালন। এইসময়ে দাঁড়িয়ে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই সিদ্ধান্ত নিয়েছে ভগত্ সিংয়ের হাতে প্রতিষ্ঠিত নওজওয়ান ভারতসভার শতবর্ষ পালনের। যুব নেতৃত্ব বলছেন, ‘ডিওয়াইএফআই সমাজতন্ত্রের কথা বলে। যুবদের হাতে কর্মসংস্থানের কথা বলে। আর আরএসএস দেশজুড়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা করে।’ এরকম আবহে কোনও বিদেশি বিপ্লবী নয় বাংলায় ভগত্ সিংয়ের কর্মকাণ্ড তুলে ধরে বামেরা বোঝাতে চাইছে, সমাজতন্ত্রই ভবিষ্যত্। আগামী ১১-১২ অক্টোবর সিপিএমের যুবরা ভগত্ সিংয়ের সাথি বটুকেশ্বর দত্তের ওয়াড়ির বাড়ি থেকে বর্ধমানে ভগত্ সিংয়ের মূর্তি পর্যন্ত ‘ইনকিলাবি যাত্রা’র আয়োজন করেছে। প্রায় ২৫ কিমি যাত্রার শেষে হবে সমাবেশ। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলছিলেন, ‘ডিওয়াইএফ প্রতিষ্ঠা নওজওয়ান ভারত সভার হাত ধরেই তৈরি হয়েছিল। ভগত্ সিং, বটুকেশ্বর দত্তের আদর্শ ছিল সমাজতন্ত্র, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমরা সেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে নেমেছি। যতক্ষণ না প্রতিটা মানুষের পেটে ভাত, হাতে কাজ আসে, আমাদের এই লড়াই চলবে।’ দু-দিনব্যাপী ‘ইনকিলাবি যাত্রা’য় প্রায় ২৫ কিমি পথ অতিক্রম করা হবে। প্রথম দিন অর্থাত্ ১১ অক্টোবর সকাল ৯টা নাগাদ ওয়াড়িতে বটুকেশ্বর দত্তের বাড়ি থেকে যাত্রা শুরু হবে। পরদিন দুপুরে তেলিপুকুর থেকে ফের যাত্রা শুরু হবে বর্ধমানের উদ্দেশে। কর্মসূচিতে যোগ দেবেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, আভাস রায়চৌধুরী প্রমুখ।  সংঘের শতবর্ষ উদযাপনের মাঝে একেবারে দেশীয় বিপ্লবীর বীরগাথা গ্রাম বাংলায় ছড়িয়ে দিচ্ছে বামেরা। এই পদ্ধতিতে কতখানি পৌঁছানো যাবে যুবদের কাছে? ধ্রুবজ্যোতির কথায়, ‘ওরা ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির চেষ্টা করে। ধর্ম দিয়ে পেট ভরে না। আমরা সব হাতে কাজের দাবি তুলছি। সব পেটে ভাতের কথা তুলছি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ