নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির গায়ে বাংলা বিরোধী তকমা সেঁটে দিয়েছে তৃণমূল। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যোগ্য জবাব দেওয়ার জন্য ‘যোদ্ধা’ তৈরি করছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’— এই ভূমিকাতেই এবার এক ঝাঁক সৈনিককে দেখা যাবে। যাঁরা সামাজিক মাধ্যমে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলবেন এবং জবাব দেবেন।
ইদানিং সময়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ সামাজিক মাধ্যমে নানা ধরনের ছবি, ভিডিও পোস্ট করে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করেছে। অন্য রাজ্যের ঘটনাকে বাংলার বলে বারবার দেখানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের সময়কালে বাংলার বিরুদ্ধে মিথ্যা প্রচার বিজেপি’র আইটি সেল আরও বাড়াবে বলে তৃণমূলের শঙ্কা। এই অবস্থায় বাংলা বিরোধীদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নয়া উদ্যোগের বিষয়টি তিনি ঘোষণা করেছেন। যার নাম দেওয়া হয়েছে, ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। রেজিস্ট্রেশন করে সেখানে নাম নথিভুক্ত করা যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। যতজন মানুষ রেজিস্ট্রেশন করবেন, তার মধ্যে থেকে বাছাই করে এবং সবদিক বিচার-বিশ্লেষণ করে তৃণমূল একটি টিম তৈরি করবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরেই সামাজিক মাধ্যমে এই ডিজিটাল যোদ্ধাদের নামাবে তৃণমূল। এই কর্মসূচি ঘোষণা করে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে লড়াইটা ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের দায়িত্ব হল, বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া— ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে। এছাড়াও তাঁর সংযোজন, যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চান না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান - এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।