Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এই ধাক্কা খুবই দরকার ছিল মোহন বাগানের

চলতি আইএসএলে ঘরের মাঠে অপরাজিত মোহন বাগান। এতেই প্রমাণিত যুবভারতীকে দুর্গে পরিণত করেছে মোলিনা-ব্রিগেড।

এই ধাক্কা খুবই দরকার ছিল মোহন বাগানের
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চলতি আইএসএলে ঘরের মাঠে অপরাজিত মোহন বাগান। এতেই প্রমাণিত যুবভারতীকে দুর্গে পরিণত করেছে মোলিনা-ব্রিগেড। সোমবার ফিরতি সেমি-ফাইনালে মেরুন-সবুজ গড়ে কামিংসদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচে খালিদ ব্রিগেড  জিতলেও আমি বিন্দুমাত্র চিন্তিত নই। এই ধাক্কাটা দরকার ছিল। ব্যক্তিগত মত, যুবভারতীর চেনা পরিবেশে মোহন বাগানই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তার উপর কার্ড সমস্যায় স্টিফেন এজে, আশুতোষ মেহতা নেই। কামিংসরা দ্রুত লক্ষ্যভেদ করতে পারলে সোনায় সোহাগা। বাকিটা গ্যালারির ৬০ হাজার দর্শক বুঝে নেবে। মোহন বাগান সমর্থকদের শব্দব্রহ্ম সামলানোই জামশেদপুর ফুটবলারদের আসল চ্যালেঞ্জ। 

Advertisement

কোথায় এগিয়ে মোহন বাগান? প্রথমেই বলে রাখি, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের থেকে আকারে অনেকটাই বড় যুবভারতী ক্রীড়াঙ্গন। তাই পাস খেলার সুযোগ বেশি। ছন্দে থাকলে লিস্টন-স্টুয়ার্টরা বিপক্ষকে ছারখার করে দেবে। পাঠকগণ, অ্যাওয়ে ম্যাচের মুহূর্ত মনে করুন। লিস্টনকে ক্লোজ মার্কিংয়ে রুখে দেয় খালিদ। কলকাতায় সেই সুযোগ কম। পাশাপাশি পেনিট্রেশন জোনে মোলিনার দল অনেক বেশি ভয়ঙ্কর। অ্যাওয়ে ম্যাচ হারলেও মোহন বাগান গোলের একাধিক সুযোগ তৈরি করেছে। আমার মনে হয়, প্রতিদিন এরকম মিস হবে না। 
এই জামশেদপুরের আসল শক্তি হল দুরন্ত গতিতে প্রতি-আক্রমণ। সল্টলেকের বড় মাঠে ৯০ মিনিট একই গতিতে অপারেট করা বেশ কঠিন। শুধু ডিফেন্স করে মোহন বাগানের মতো হেভিওয়েট দলকে রোখা অসম্ভব। তবে হোসে মোলিনাকে কিছু ফাইন টিউনিং করতেই হবে। বিশেষ করে রক্ষণ জমাট করার দিকে নজর দেওয়া উচিত। শুভাশিস ও আশিস রাইকে নড়বড়ে মনে হয়েছে। খালিদ জামিল বুদ্ধিমান কোচ। উইং হাফদের দৌড় করিয়ে শুভাশিসদের মাটি ধরাতে চাইবে ও। সেটা মাথায় রাখা দরকার। পাশাপাশি সিভেরিওদের স্পেস দেওয়া চলবে না। স্প্যানিশ স্ট্রাইকার এরিয়াল বলে খুবই বিপজ্জনক। সুযোগ পেলে মোহন বাগানের বাড়া ভাতে ছাই ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। মোদ্দা কথা, ডিফেন্সে তালা দিয়েই আক্রমণে ঝাঁপানো উচিত মোলিনার।
বৃহস্পতিবার শেষ ২০ মিনিট এতটা আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল না। রক্ষণে ঝাঁপ ফেলে দেওয়ার বদলে অহেতুক আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত আমায় বেশ অবাক করেছে। আশিস রাই ওভারল্যাপে গেলে নামতে বেশ সময় নেয়। সেটা চোখ এড়ায়নি খালিদের। শেষদিকে তরতাজা ঋত্বিক দাসকে নামিয়ে বাজিমাত করল ও। স্প্যানিশ মিডিও জাভি হার্নান্ডেজের দিকেও নজর রাখতে হবে। ফ্রি-হুইলিং ফুটবল খেলে দলকে চালনা করে এই স্প্যানিশ ফুটবলার। জাভির নড়াচড়া বন্ধ করতে জোনাল মার্কিং আর প্রেসিং ফুটবলের দাওয়াই চাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ