ওয়াশিংটন: ইরানের ‘সন্ত্রাসী শাসন ব্যবস্থা’য় বদল আনা এই যুদ্ধের অন্যতম লক্ষ্য। একাধিকবার সেকথা বলতে শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু দশচক্রে ভগবান ভূত! ইরান যুদ্ধের ধাক্কায় জেরবার আমেরিকা। তেহরানকে ‘সবক’ শেখাতে গিয়ে উলটে বদলের ধুম পড়ে গিয়েছে ট্রাম্প প্রশাসনের অন্দরেই। আর যুদ্ধের মধ্যে এই ছাঁটাই তালিকায় সর্বশেষ সংযোজন স্বয়ং মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ। আমেরিকার সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে মতান্তরের জেরে চাকরি গিয়েছে তাঁর। প্রবীণ সামরিক অফিসারদের পদন্নোতি ও সেনাবাহিনীতে সিদ্ধান্ত গ্রহণের রাশ নিয়েই দু’জনের মধ্যে যাবতীয় দ্বন্দ্ব বলে খবর। তার জেরেই সেনাপ্রধান জর্জকে অবসরগ্রহণ করতে বলা হয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প প্রশাসন থেকে ছেঁটে ফেলা হয়েছে আরও দুই রাঘববোয়ালকে। প্রথমজন হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম, দ্বিতীয়জন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। এবার সেই তালিকায় যুক্ত হল মার্কিন সেনাপ্রধানের নামও। শুধু তাই নয়, যুদ্ধের ধাক্কায় বেসামাল ট্রাম্প আরও একাধিক শীর্ষ আধিকারিকের ভূমিকায় বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন বলে খবর। সেই তালিকায় রয়েছে তাবড় তাবড় সব নাম! তাঁরা হলেন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, শ্রমসচিব লোরি শাভেজ-ডিরেমার, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাবার্ড, এমনকি প্রেস সচিব ক্যারোলিন লেভিটও। ইরানে পালাবদল করতে গিয়ে ওয়াশিংটনে ক্ষমতার সর্বোচ্চ স্তরে তোলপাড় পড়ে গিয়েছে বলেই খবর।



