নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ১২০০ ভোটার পিছু একটি বুথ। নির্বাচন কমিশনের এই নিয়ম অনুযায়ী এখন জেলায় জেলায় কত বাড়তি বুথ হবে, তার হিসেব চলছে। এর মধ্যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে। যেমন, দক্ষিণ ২৪ পরগনায় আট লক্ষের বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে। তার উপর ভিত্তি করে এই জেলায় নতুন আটশোর বেশি বুথ তৈরির প্রাথমিক হিসেব উঠে এসেছে। এই সংখ্যা আরও বাড়বে না কমবে, তা আর ক’দিনের মধ্যেই স্পষ্ট হবে। কারণ, এখনও লক্ষাধিক নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হতে চলেছে। হিয়ারিংয়ে গরহাজির ও নথির সমস্যা থাকলে আরও কিছু নাম বাদ যাবে। তারপরই বুথের চূড়ান্ত সংখ্যা স্থির হবে। যদিও জেলা প্রশাসনের আশা, প্রস্তাবিত নতুন বুথের যে সংখ্যা আপাতত তৈরি হয়েছে, তার থেকে খুব বেশি হেরফের হবে না। অতিরিক্ত বুথ গঠনের আগে পর্যন্ত জেলায় বুথের সংখ্যা ছিল ৮৮৫৯। কিন্তু কমিশনের ১২০০ ভোটার পিছু একটি ভোটকেন্দ্র নিয়ম ধরে হিসেব করলে দেখা যাচ্ছে, ৯৬০০ বুথ হতে পারে। জানা গিয়েছে, বুথের সংখ্যা বৃদ্ধি নিয়ে গত সপ্তাহে সর্বদলীয় বৈঠক ডেকেছিল জেলা প্রশাসন। সেখানেই বিধানসভা কেন্দ্রে ধরে ধরে বুথের হিসেব তুলে ধরা হয়। কোথায় ক’টি বুথ বাড়তে পারে, কোথায় পুরানো ভোটকেন্দ্র বাতিল করে নতুন করতে হবে, সবটাই আলোচিত হয়েছে।



