Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / সম্পাদকীয়

ঋষি

হেমবর্ণা, কটাক্ষে শত্রুকুলত্রাসিনী, কপালে চন্দ্রকলাশোভিতা, চারি হস্তে শঙ্খ, চক্র, খড়্গ ও ত্রিশূল-ধারিণী, ত্রিনয়না, সিংহোপরি সংস্থিতা, সমগ্র ত্রিভুবন স্বীয় তেজে পূর্ণকারিণী, দেবগণ-পরিবৃতা, সিদ্ধসঙ্ঘ-সেবিতা জয়াখ্যা দুর্গার ধ্যান করিবে। শক্রাদিকৃত দেবীস্তুতি

ঋষি
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হেমবর্ণা, কটাক্ষে শত্রুকুলত্রাসিনী, কপালে চন্দ্রকলাশোভিতা, চারি হস্তে শঙ্খ, চক্র, খড়্গ ও ত্রিশূল-ধারিণী, ত্রিনয়না, সিংহোপরি সংস্থিতা, সমগ্র ত্রিভুবন স্বীয় তেজে পূর্ণকারিণী, দেবগণ-পরিবৃতা, সিদ্ধসঙ্ঘ-সেবিতা জয়াখ্যা দুর্গার ধ্যান করিবে।

Advertisement

শক্রাদিকৃত দেবীস্তুতি
মেধা ঋষি বলিলেন—অতিবলশালী দুরাত্মা সেই মহিষাসুর ও অসুরসৈন্যসকল দেবী কর্তৃক নিহত হইলে ইন্দ্রপ্রমুখ দেবগণ গ্রীবা ও স্কন্ধ আনত করিয়া তাঁহাকে প্রণামপূর্বক আনন্দ-পুলকিত-চারুদেহে চতুর্বিধ বাক্যে তাঁহার স্তব করিতে লাগিলেন। ইন্দ্রপ্রমুখ দেবতাগণের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী স্বীয় মায়াশক্তির প্রভাবে এই সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন, সমস্ত দেব ও ঋষিগণের আরাধ্যা সেই অম্বিকাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি। তিনি আমাদের সর্ববিধ মঙ্গল বিধান করুন।
ভগবান্‌ সহস্রবদন বিষ্ণু, ব্রহ্মা ও শিব যাঁহার অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করিতে অক্ষম, সেই চণ্ডিকা সমগ্র বিশ্ব-পরিপালনের নিমিত্ত এবং আমাদের অসুরভীতিবিনাশের জন্য ইচ্ছা করুন। যিনি স্বয়ং পুণ্যবান্‌দিগের গৃহে লক্ষ্মীরূপা এবং পাপিগণের গৃহে অলক্ষ্মীরূপা, যিনি শুদ্ধচিত্ত ব্যক্তিগণের হৃদয়ে সদ্‌বুদ্ধিরূপা ও সজ্জনগণের হৃদয়ে শ্রদ্ধারূপা এবং যিনি সদ্বংশজাত ব্যক্তিগণের লজ্জারূপা, সেই আপনাকে আমরা প্রণাম করি। হে দেবি, আপনি এই জগৎ পরিপালন করুন। হে দেবি, দৈত্য, দেবতা, প্রমথ ও ব্রহ্মর্ষিগণের মধ্যে আপনার এই অনির্বাচ্য ও অচিন্তনীয় স্বরূপ, আপনার অসুরনাশকারী অসীম মহাবীর্য, সংগ্রামে আপনার এই অত্যদ্ভুত আচরণসমূহ আমরা কিরূপে বর্ণনা করিব? [কারণ, দেবী বাক্যমনাতীত ব্রহ্মস্বরূপিণী।]
আপনি সমগ্র জগতের মূল কারণ। আপনি সত্ত্বাদি গুণময়ী হইলেও রাগদ্বেষাদি দোষযুক্ত ব্যক্তি আপনাকে জানিতে পারে না। আপনি বিষ্ণু ও শিবাদি দেবগণেরও অজ্ঞাত। ব্রহ্মা হইতে কীট পর্যন্ত এই অখিল বিশ্ব আপনার অংশভূত। কারণ, আপনিই সকলের আশ্রয়স্বরূপা। আপনি ষড়্‌বিকার-রহিতা পরমা আদ্যা প্রকৃতি। হে দেবি, যাঁহার সম্যক্‌ উচ্চারণে ইন্দ্রাদি দেবতাগণ সমস্ত যজ্ঞে তৃপ্তিলাভ করেন, সেই স্বাহামন্ত্রও আপনি এবং পিতৃগণের তুষ্টির কারণ স্বধামন্ত্রও আপনি। এইজন্য পিতৃযজ্ঞ-ও দেবযজ্ঞ-অনুষ্ঠানকারী ব্যক্তিগণ আপনাকে স্বাহা ও স্বধা মন্ত্ররূপে উচ্চারণ করিয়া থাকেন।
  
স্বামী জগদীশ্বরানন্দ কর্তৃক অনূদিত ও সম্পাদিত ‘শ্রীশ্রীচণ্ডী’ থেকে

Advertisement
সম্পর্কিত সংবাদ