


তেহরান: গত জানুয়ারি মাসে মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা ইরান। সেই প্রতিবাদে অংশ নেওয়া তিন যুবককে প্রকাশ্যে ফাঁসি দিল মোজতবা খামেনেইয়ের প্রশাসন। আন্দোলনের সময় দুই পুলিশকর্মীকে খুনের অভিযোগ আনা হয়েছে ওই যুবকদের বিরুদ্ধে। নিহত যুবকদের মধ্যে রয়েছেন এক আন্তর্জাতিক স্তরের কুস্তিগীরও। মানবাধিকার সংগঠনগুলির দাবি, একতরফা ভাবেই তাঁদের শাস্তি ঘোষণা করা হয়েছে।
মেহদি ঘাসেমি, সালেহ মহম্মদি ও সইদ দাভোদি নামের ওই তিন যুবককে ‘ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ’ করবার অপরাধে কোম শহরে ফাঁসি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে দুই পুলিশকর্মী খুন এবং ইজরায়েল-আমেরিকার সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। তিন যুবকের মধ্যে সালেহ মহম্মদি একজন উঠতি কুস্তিগীর। একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে সদ্য ১৮ পেরনো সালেহ। নরওয়ের একটি মানবাধিকার সংগঠনের দাবি, অভিযুক্তদের যথেষ্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। নৃশংস অত্যাচারের মুখেই তাঁরা অপরাধ স্বীকার করতে বাধ্য হয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, আগামী দিনে এই ‘অপরাধে’ আরও বহু মানুষকে কঠোরতম সাজা দেবে খামেনেইয়ের সরকার। ফাইল চিত্র।