বাবা-মাকে সময় দিতে মাইক্রোসফটের শীর্ষ পদ থেকে ইস্তফা
  • ২০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: বর্তমান সময়ে সফল হতে যখন ‘টার্গেট’ পূরণের পিছনের দৌড়াচ্ছে সকলে তখন অন্য পথে হাঁটলেন কেশবন শানমুগম। ২৩ বছর ধরে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন কেশবন। ভারতে থাকা বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য মাইক্রোসফট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সম্প্রতি লিঙ্কডইনে একটি পোস্টের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান শানমুগম।

Advertisement

নিজের পোস্টে তিনি জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের আরও বেশি সময় দিতেই তাঁর এই পদক্ষেপ। তবে মাইক্রোসফট ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা তাঁর পক্ষে মোটেও সহজ ছিল না। সংস্থার 'এক্সেল কোপাইলট' প্রজেক্টে কাজ করা এবং সহকর্মীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তিনি ভীষণ উপভোগ করতেন। তা সত্ত্বেও, জীবনের এই পর্যায়ে এসে বাবা-মায়ের পাশে থাকাকেই তিনি সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন।

মাইক্রোসফটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শানমুগম লিখেছেন, ‘জীবনে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা তৈরি করে দেওয়ার জন্য আমি মাইক্রোসফটের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। সংস্থার বর্তমান এবং প্রাক্তন সকল কর্মীকে অসংখ্য ধন্যবাদ, যাঁরা মাইক্রোসফটে আমার এই দীর্ঘ যাত্রাপথকে আনন্দময়, রোমাঞ্চকর ও সার্থক করে তুলেছেন।’

তাঁর এই ঘোষণার পরই লিঙ্কডইনে শয়ে শয়ে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। ঝকঝকে কেরিয়ারের মোহ ত্যাগ করে পরিবারকে অগ্রাধিকার দেওয়ার জন্য নেটিজেনদের অনেকেই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এটি সম্ভবত আপনার নেওয়া অন্যতম সেরা একটি সিদ্ধান্ত।’ অন্য একজন লিখেছেন, ‘আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু বাবা-মাকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্তটি আমার নজর কেড়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।’ তৃতীয় এক ব্যক্তির কথায়, ‘যে কাজটি আপনি এখনও উপভোগ করেন তা ছেড়ে আসা সহজ নয়, কিন্তু বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটানো জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য একটি অত্যন্ত অর্থবহ কারণ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি হয়তো এখনই পুরোটা উপলব্ধি করতে পারছেন না, তবে এটি আপনার জীবনে করা সর্বশ্রেষ্ঠ কাজগুলোর একটি হয়ে থাকবে।’