Bartaman Logo
৯ জুন, ২০২৬

দেশে প্রতি ১০ লক্ষে বিচারক ও বিচারপতিদের সংখ্যা মাত্র ১৫

ল কমিশনের সুপারিশ বলছে, দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় বিচারক-বিচারপতিদের সংখ্যা হওয়া উচিত ৫০ জন। কিন্তু বর্তমানের চিত্রটা এই পরিসংখ্যান থেকে বহুদূরে।

দেশে প্রতি ১০ লক্ষে বিচারক ও বিচারপতিদের সংখ্যা মাত্র ১৫
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ল কমিশনের সুপারিশ বলছে, দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় বিচারক-বিচারপতিদের সংখ্যা হওয়া উচিত ৫০ জন। কিন্তু বর্তমানের চিত্রটা এই পরিসংখ্যান থেকে বহুদূরে। এইমুহূর্তে দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় বিচারক-বিচারপতিদের সংখ্যা মাত্র ১৫ জন। মঙ্গলবার প্রকাশিত হওয়া ২০২৫ সালের ইন্ডিয়া জাস্টিস রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। 

Advertisement

রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে হাইকোর্টে ২১ শতাংশ শূন্যপদ রয়েছে। এর জেরে বিচারপতিদের উপর মামলার বোঝা বেড়েই চলেছে। এক্ষেত্রে জেলা আদালতগুলিতে বিচারক প্রতি মামলার সংখ্যা গড়ে ২ হাজার ২০০টি। এলাহাবাদ ও মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রত্যেক বিচারপতিদের ক্ষেত্রে মামলার সংখ্যা প্রায় ১৫ হাজার। এছাড়াও বিভিন্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। পুলিসি পরিষেবা থেকে ন্যায়বিচার প্রদান কিংবা সংশোধানাগারের ব্যবস্থাপনা। এসবের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের ক্রমতালিকা তৈরি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রতিটি ক্ষেত্রেই দেশে সবচেয়ে এগিয়ে দক্ষিণের রাজ্যগুলি। শীর্ষস্থানে কর্ণাটক। 
পুলিস, সংশোধানাগারের ব্যবস্থাপনা, বিচারব্যবস্থা ও আইনি সহায়তা। এই চারটি বিষয়ের নিরিখেই দেশের বড় ও মাঝারি ১৮টি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি অপরাধ দমনে রাজ্যগুলি কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করেছে আর কোন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, সেই বিষয়ের উপরও আলোকপাত করা হয়েছে। 
সেইসূত্রেই শীর্ষে রয়েছে কর্ণাটক। তারপর রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল ও তামিলনাড়ু। ছোটো রাজ্যগুলির মধ্যে সিকিমের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো।

Advertisement
সম্পর্কিত সংবাদ