Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিপর্যয়ের পর উদ্ধারকাজে দ্রুততা আনতে ও উন্নত প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেবে মন্ত্রকই

বিপর্যয় মোকাবিলায় কীভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে, দ্রুত ব্যবস্থা নিয়ে কীভাবে মৃত্যুর সংখ্যা কমানো যায়—এসব বিষয়ে সাহায্য করতে এখন নতুন অনেক প্রযুক্তি এসে গিয়েছে।

বিপর্যয়ের পর উদ্ধারকাজে দ্রুততা আনতে ও উন্নত প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেবে মন্ত্রকই
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপর্যয় মোকাবিলায় কীভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে, দ্রুত ব্যবস্থা নিয়ে কীভাবে মৃত্যুর সংখ্যা কমানো যায়—এসব বিষয়ে সাহায্য করতে এখন নতুন অনেক প্রযুক্তি এসে গিয়েছে। কিন্তু শুধু যন্ত্রপাতি বা প্রযুক্তি থাকলেই হবে না। কম সময়ের মধ্যে সেই প্রযুক্তি কাজে লাগিয়ে উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। তাই এ বিষয়ে বিশেষ পাঠ দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন রাজ্যে বিপর্যয় মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এ সংক্রান্ত প্রশিক্ষণ নিতে বলা হয়েছে। সেই অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যকে নামের তালিকা পাঠাতে হবে। প্রশিক্ষণ শেষে রাজ্যে ফিরে স্থানীয় বিভিন্ন টিমকে তালিম দেবেন তাঁরাই।

Advertisement

বিগত কয়েক বছরে রাজ্যের পাহাড় থেকে সমতল একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হয়েছে এনডিআরএফ-কে। উদ্ধারকাজের বিশেষ প্রশিক্ষণ থাকায় ধস, ভূমিকম্প বা বড়ো ধরনের দুর্ঘটনা হলেও এনডিআরএফ-কে কাজে লাগানো হয়। কিন্তু এই কাজ করতে গিয়ে প্রতিবারই নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাদের। পর্যটক বা বাসিন্দাদের প্রাণ বাঁচানোর জন্য কাজ করতে গিয়ে এনডিআরএফ যে ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে, সেগুলি উঠে এসেছে তাদের রিপোর্টে। তার ভিত্তিতে ঠিক করা হয়েছে প্রশিক্ষণের সূচি। 
এনডিআরএফের আধিকারিকরা চাইছেন, প্রতিটি রাজ্যের বিপর্যয় মোকাবিলা টিমের উন্নত প্রশিক্ষণ থাকুক। যাতে তাদের বিশেষজ্ঞ টিম পৌঁছনোর আগেই সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনই উদ্ধারকাজে নেমে পড়তে পারে। বিভিন্ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা টিমের কাজকর্ম বিশ্লেষণ করতে গিয়ে এনডিআরএফের আধিকারিকরা বুঝেছেন, প্রশিক্ষণকে আরও উন্নত ও নিয়মিত করা প্রয়োজন। কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, সেগুলি চিহ্নিত করে বাড়তি গুরুত্ব দিতে হবে। এর ফলে উদ্ধারকারী দলের ‘রেসপন্স টাইম’ কমিয়ে আনাও সম্ভব হবে। রাজ্যের নিজস্ব বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারে নামতে পারবে। সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিফেন্স ম্যানেজমেন্ট’র তরফে  ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’সপ্তাহের একটি কোর্স আনা হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় হলে কীভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো দরকার, সমস্ত কিছু কোন পদ্ধতিতে পুনর্গঠন করা হবে, বিপর্যয়ের পর কী কী জিনিস  প্রয়োজন, তা কীভাবে মূল্যায়ন করা হবে—সবটাই থাকছে এতে। কী ধরনের প্রস্তুতি রাখলে দ্রুত ‘রেসপন্স’ করা সম্ভব, তাও শেখানো হবে। ৯ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে প্রশিক্ষণ। এনডিআরএফের টিমের প্রশিক্ষক থেকে শুরু করে বিশেষজ্ঞ আধিকারিকরা বিষয়গুলি তুলে ধরবেন।  

সম্পর্কিত সংবাদ