Bartaman Logo
৯ জুন, ২০২৬

হামলা চালাতে নয়া সংগঠন গড়েছিল লালকেল্লায় বিস্ফোরণে জড়িত জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরে ‘হোয়াইট-কলার’ টেরর মডিউল। সন্ত্রাসবাদীদের নয়া চক্রের মেরুদন্ড ভাঙতে উঠেপড়ে লেগেছে পুলিশ, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী।

হামলা চালাতে নয়া সংগঠন গড়েছিল লালকেল্লায় বিস্ফোরণে জড়িত জঙ্গিরা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে ‘হোয়াইট-কলার’ টেরর মডিউল। সন্ত্রাসবাদীদের নয়া চক্রের মেরুদন্ড ভাঙতে উঠেপড়ে লেগেছে পুলিশ, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। একইসঙ্গে তাদের সম্পর্কে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। জম্মু ও কাশ্মীরের পুলিশের তদন্তে দেখা গিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ধৃত চিকিৎসকরা ‘আনসার ইন্টারিম’ নামে একটি সংগঠন গড়ে তুলেছিল। যার লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীরের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় হামলা চালানো। 

Advertisement

লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের পর ‘হোয়াইট কলার’ মডিউলের বিরুদ্ধে তদন্তে নেমেছে এনআইএ। তদন্তকারীরা জেনেছেন, গত বছরের ১০ নভেম্বর দিল্লিতে গাড়ি নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে মারা যায় চিকিৎসক উমর-উন নবি। ২০১৬ এবং ২০১৮ সালে সক্রিয় জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার চেষ্টা করেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর লালকেল্লার বিস্ফোরণে জড়িত ডাক্তার মুজাম্মেল গনি, উমর-উন নবি, আদিল রাদার, মুজফ্ফর রাদার (পলাতক), মৌলবি ইরফান, কারি আমির এবং তোফাইল গাজি ২০২২ সালের এপ্রিল মাসে শ্রীনগরের ইদগা এলাকায় বৈঠক করে। সেখানে ‘আনসার ইন্টারিম’ নামে একটি সংগঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের প্রধান করা হয় আদিলকে। সহকারী প্রধান মৌলবি ইরফান এবং আর্থিক দিকগুলি দেখার দায়িত্ব পায় গনি। গোয়েন্দারা আরও  জেনেছেন, মূলত আল কায়েদার মদতপুষ্ট বিভিন্ন সংগঠনের নামের সঙ্গে ‘আনসার’ যুক্ত থাকে। সেইমতো উমরদের নয়া সংগঠনের নামও ‘আনসার ইন্টারিম’ রাখা হয়। উমর মূলত সংগঠনের কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিল। গনির সঙ্গে অর্থ সংগ্রহ ও বিস্ফোরক মজুতের দায়িত্ব ছিল তার। ২০২৩ সালে এই চক্র হরিয়ানার সোহনা ও নুহ এলাকা থেকে সার সংগ্রহ করে। চরম কট্টরপন্থী চিকিৎসক উমরের নির্দেশে ফরিদাবাদের একটি দোকান থেকে এনপিকে রাসায়নিকও কেনা হয়। অনলাইন ভিডিয়ো দেখে আইইডি তৈরির প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছিল উমর। পরে সফলও হয়। তার প্রথমে ছক ছিল দিল্লি কিংবা কোনও ধর্মীয় স্থানে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালানো। শেষ পর্যন্ত লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ ঘটায় উমর। মৃত্যু হয় অন্তত ১২ জন সাধারণ নাগরিকের।

সম্পর্কিত সংবাদ