নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক সুযোগ-সুবিধার দাবিতে পথে নামতে চলেছেন এসএসকে-এমএসকের শিক্ষা সহায়ক ও শিক্ষা সম্প্রসারকরা। তাঁদের দাবি, অবসরের পরে এককালীন ভাতা হিসেবে তাঁরা এক লক্ষ টাকা পেয়েছেন। তবে, এতে অনেকের ওষুধের পয়সাই উঠছে না। তাই বিভিন্ন মহলে দাবি জানিয়ে ব্যর্থ হয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। সম্প্রতি ত্রিপুরা মিটিং হলে তাঁরা রাজ্য সম্মেলন করেন। মঞ্চের আহ্বায়ক গৌরপদ অধিকারী বলেন, ‘এবার আমাদের পথে নামা ছাড়া উপায় নেই।’ অন্যদিকে, রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি, সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে প্যারাটিচাররাও অবস্থান আন্দোলন শুরু করেছেন সল্টলেকে বইমেলা প্রাঙ্গণের পাশে। তাঁদের দাবি, মাসিক ভাতা বাড়াতে হবে সরকারকে।



