নয়াদিল্লি: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসইও)-এর সম্মেলনে যোগ দিতে গত ৩১ আগস্ট চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বৈঠক শেষে তাঁর বিলাসবহুল লিমুজিন গাড়ি করে হোটেলে ফিরেছিলেন মোদি। এই যাত্রায় কী কথা হয়েছিল দুই রাষ্ট্রনেতার মধ্যে? তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবার সেই আলাপচারিতার প্রসঙ্গ প্রকাশ্যে আনলেন স্বয়ং পুতিন। চীনেই এক সাংবাদিক বৈঠকে তাঁকে এনিয়ে প্রশ্ন করা হয়। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, গোপন বা আড়াল করার কিছু নেই। আলাস্কাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলাম। সেই আলোচনার বিষয়বস্তু নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে।



