নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্রভোট নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার এবং উচ্চ শিক্ষা দপ্তরকে দু’সপ্তাহের মধ্যে এবিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ছাত্র নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ করা হবে, তা জানাতে হবে ওই হলফনামায়।
রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে ছাত্রভোট হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব ছাত্ররা। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। বৃহস্পতিবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানান, আইন অনুযায়ী নিয়মিত ছাত্র নির্বাচন হওয়া উচিত। কিন্তু বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে বহু বছর ধরে নির্বাচন বাকি রয়েছে। রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।
উভয়পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, ‘কিছু পদক্ষেপ নিন। নির্বাচন করা হচ্ছে না। পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।’ রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দপ্তর কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী অবস্থান তা দুই সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।