


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় এখন ইনিউমারেশন ফর্ম নেওয়ার কাজ করছেন বুথ লেভেল অফিসাররা। সাধারণ মানুষের কৌতূহল, উদ্বেগ এখনও কাটেনি। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে অনিশ্চয়তার মেঘ দেখা গিয়েছে। এই প্রেক্ষিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনশন কর্মসূচিও করেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর।
ঠিক এই আবহে মতুয়া সমাজের একটি বড় অংশ যখন আন্দোলনে শামিল, তখন ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুরের একটি ছবি সামনে আসে। মঙ্গলবার শান্তনু ঠাকুরের একটি ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরে তৃণমূল। ওই ছবিতে দেখা গিয়েছে, শান্তনু ঠাকুর সপরিবারে লন্ডন সফরে! যদিও ওই ছবির সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। তবে ওই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
তৃণমূল ওই ছবি তুলে ধরে লিখেছে, ‘বিজেপি নেতা পরিবার নিয়ে ফুর্তি করছেন লন্ডনে! যখন মানুষ তাঁদের অধিকাররক্ষায় আমরণ অনশনে।’ এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের মানুষজন লড়াই করছেন। অনশন কর্মসূচিও নিয়েছেন তাঁরা। একদিকে যখন অনশন চলছে, অন্যদিকে তখন বিজেপি নেতা শান্তনু ঠাকুর লন্ডনে। টেমস নদীর ধারে ছবি তুলছেন। উনি পরিবার নিয়ে বেড়াতে যেতেই পারেন। কিন্তু ছবিটি যদি এই সময়ের হয়ে থাকে, তাহলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
পালটা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘কে, কোথায়, পরিবারের কাকে নিয়ে ঘুরতে যাবেন, সেটা ভাবার সময় এটা নয়। আর তৃণমূল কী ছবি তুলে ধরে প্রচার করছে, সেটা নিয়েও বাংলার মানুষ ভাবছেন না।’