Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যাম্পাসেই সিনিয়রকে ধর্ষণ, গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, ‘গর্ভনিরোধক লাগবে?’ প্রশ্ন অভিযুক্তের

ক্যাম্পাসের মধ্যেই বিভাগীয় সিনিয়রকে ধর্ষণের দায়ে গ্রেফতার বেঙ্গালুরুর এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। নির্যাতিতার অভিযোগ, কলেজের মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়েছে।

ক্যাম্পাসেই সিনিয়রকে ধর্ষণ, গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, ‘গর্ভনিরোধক লাগবে?’ প্রশ্ন অভিযুক্তের
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ক্যাম্পাসের মধ্যেই বিভাগীয় সিনিয়রকে ধর্ষণের দায়ে গ্রেফতার বেঙ্গালুরুর এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। নির্যাতিতার অভিযোগ, কলেজের মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়েছে। এই কাণ্ড ঘটিয়েছে তাঁরই বিভাগের জুনিয়র, জীবন গৌড়া। একসময় তাঁরা সহপাঠী ছিলেন। তবে অভিযুক্ত জীবন কোনও এক সেমেস্টারে পাস করতে পারেনি, নির্যাতিতা তাঁর থেকে এগিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ঘটনার দিন বারবার নির্যাতিতাকে ফোন করে বিরক্ত করছিল জীবন। অতিষ্ট হয়ে কলেজের আর্কিটেকচার ব্লকে তার সঙ্গে দেখা করেন নির্যাতিতা। এইসময় একপ্রকার জোর করে তাঁকে চুম্বন করার চেষ্টা করে অভিযুক্ত। পরে টেনে হিঁচড়ে পুরুষদের শৌচাগারে নিয়ে যায়। ভিতর থেকে দরজা আটকে সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে বন্ধুদের কাছে সবটা খুলে বলেন নির্যাতিতা। এখানেই শেষ নয়, ঘটনার দিন নির্যাতিতাকে ফোন করে জীবন জানতে চায় তাঁর ‘গর্ভনিরোধক’ প্রয়োজন কি না! এর ফলে মানসিকভাবে আরও বিধ্বস্ত হয়ে পড়েন ওই পড়ুয়া। গত ১৫ অক্টোবর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই ভিত্তিতে তদন্তে নেমে জীবনকে গ্রেফতার করে হনুমন্তনগর থানার পুলিশ। আদালতের নির্দেশে তাকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের কোনও সিসিটিভি ফুটেজ মেলেনি। তবে পুলিশ সবদিক খতিয়ে দেখছে। প্রয়োজনে ঘটনাটি পুনর্নির্মাণ করা হতে পারে। এদিকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দল বিজেপি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ