Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কম্পোজিট গ্রান্টের ২৫ শতাংশ টাকা পাচ্ছে স্কুলগুলি

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত স্কুলের জন্য আরেক দফা কম্পোজিট গ্রান্টের টাকা ছাড়ল রাজ্য সমগ্র শিক্ষা মিশন। মোট প্রাপ্যের ২৫ শতাংশ টাকা পাবে স্কুলগুলি।

কম্পোজিট গ্রান্টের ২৫ শতাংশ টাকা পাচ্ছে স্কুলগুলি
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত স্কুলের জন্য আরেক দফা কম্পোজিট গ্রান্টের টাকা ছাড়ল রাজ্য সমগ্র শিক্ষা মিশন। মোট প্রাপ্যের ২৫ শতাংশ টাকা পাবে স্কুলগুলি। তবে শর্ত দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের শুরু করা স্বচ্ছতা প্রকল্পে এই গ্রান্টের ১০ শতাংশ টাকা খরচ করতে হবে। স্কুলগুলির বক্তব্য, এমনিতেই অর্থাভাবে ভুগছে তারা। তার উপরে শর্ত বেঁধে টাকা ছাড়লে তো সেটা আরও সমস্যার। অর্ডারে বলা হয়েছে, ১ থেকে ৩০ জন ছাত্র থাকা স্কুল ২৫০০ টাকা পাবে। যে স্কুলে ৩১ থেকে ১০০ জন ছাত্র রয়েছে, তারা পাবে ৬,৩৫০ টাকা। ১০১ থেকে ২৫০ জন পড়ুয়ার স্কুল পাচ্ছে ১২ হাজার ৫০০ টাকা। ২৫১ থেকে ১০০০ পড়ুয়ার স্কুল পাচ্ছে ১৮ হাজার ৭৫০ টাকা। ১০০০ ছাত্রছাত্রী বা তার বেশি পড়ুয়া রয়েছে যে স্কুলে, তারা ২৫ হাজার টাকা পাবে। সব অঙ্কই মোট প্রাপ্যের ২৫ শতাংশ। বাংলার শিক্ষা পোর্টালে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা খতিয়ে দেখেই পিএফএমএস পোর্টালের মাধ্যমে এই টাকা দেওয়া হবে স্কুলগুলিকে। স্বচ্ছতা প্রকল্পের মধ্যে রয়েছে শৌচাগার, সেখানে জলের সংযোগ, পানীয় জল এবং স্কুলের সার্বিক পরিচ্ছন্নতা। এই ১০ শতাংশ টাকা শুধুমাত্র এই খাতেই ব্যয় করতে বাধ্য থাকবে স্কুলগুলি। গাড়ির বিল, মোবাইল বিল বা এরকম খাতে এই অর্থ ব্যয় করা যাবে না। মোট ২৩টি খাতের উল্লেখ করা হয়েছে অর্ডারে। জানা গিয়েছে, তার বাইরে কোনও খাতে কম্পোজিট গ্রান্টের টাকা খরচ করতে পারবে না স্কুলগুলি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ