নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল কি না, জানতে স্ক্যান করুন কিউআর কোড! নাগরিকদের সুবিধায় এমন অভিনব উদ্যোগ কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে। সেখানে পাড়ায় পাড়ায় লাগানো হচ্ছে ব্যানার-পোস্টার। তাতে বিভিন্ন পার্টের নম্বর এবং সেই পার্টের কিউআর কোড লাগানো থাকছে। যে কোনও ভোটার চাইলেই সেই কিউআর কোড স্ক্যান করে যাবতীয় তথ্য পেতে পারেন।
কিন্তু কেন এমন উদ্যোগ? জানা গিয়েছে, বর্তমানে এই ওয়ার্ড এন্টালি বিধানসভার অন্তর্গত হলেও ২০০২ সালে এই ৫৮ নম্বর ওয়ার্ডটি সোনারপুর বিধানসভা এবং তালতলা বিধানসভার মধ্যে ভাগ হয়ে ছিল। মোট ৬৪ পার্টের এই ওয়ার্ডের ৪৬টি পার্ট ছিল তালতলা বিধানসভার অন্তর্গত এবং বাকি ১৮টি পার্ট ছিল সোনারপুর বিধানসভায়। এই অবস্থায় স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে ভোটারদের ২০০২ সালের ভোটার তালিকা পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যা সমাধানেই এই সহজ ব্যবস্থা। তৃণমূল কংগ্রেসের তরফে ভোটারদের সুবিধায় শিবিরের পাশাপাশি সোনারপুর এবং তালতলা বিধানসভার মধ্যে এই ওয়ার্ডের যে যে পার্ট ছিল, প্রতিটি পার্টের ভোটার লিস্টকে কিউআর কোডে ট্রান্সফার করা হয়েছে। ৬৪টি পার্টের জন্য ৬৪টি কিউআর কোড। এরকম কিউআর কোড সম্বলিত ব্যানার বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে। স্থানীয় কাউন্সিলার তথা মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, ওয়ার্ডের কোন পার্ট তালতলায় এবং কোন পার্ট সোনারপুরের মধ্যে ছিল, প্রথমে সেটা ভাগ করা হয়েছে। তারপর পোলিং স্টেশন অনুযায়ী ভাগ করা হয়েছে। কোন পার্টে নাম ছিল, সেটা ভোটারের নাও মনে থাকতে পারে। কিন্তু তিনি কোন পোলিং স্টেশনে বা ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন, তা অবশ্যই মনে রয়েছে। তাই সেভাবেই তৎকালীন সময়ের দুটি বিধানসভা ধরে পোলিং স্টেশন অনুযায়ী প্রত্যেকটি পার্টের কিউআর কোড সহ ব্যানার বানানো হয়েছে। প্রায় ২০০টির বেশি ব্যানার লাগানো হবে। এক-একটা পোলিং স্টেশন অনুসারে ওই অঞ্চলে তিন থেকে চারটি করে ব্যানার পড়ছে। সন্দীপন সাহা আরও বলেন, ২৩ বছর পুরোনো বিষয়, ফলে সেই সময় কারও নাম কোন পার্টে ছিল, ভোটারের সিরিয়াল নম্বর কত ছিল, সে সব কারও মনে নেই। মানুষ এমনিতেই এই এসআইআর নিয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তার জন্য আমরা শিবির চালাচ্ছি। পাশাপাশি, আরও বেশি সুবিধা দিতেই এমন উদ্যোগ। অনেকেই ফর্ম নিজেরাই ফিলআপ করতে পারবেন। কিন্তু তাঁদের শুধু সঠিক তথ্যটুকু দরকার। তাঁরা নিজেদের মোবাইলে স্ক্যান করে সহজেই ভোটার লিস্ট ডাউনলোড করে পার্ট কিংবা সিরিয়াল নম্বর জানতে পারবেন।