সংবাদদাতা, কাকদ্বীপ : সাগর বিধানসভার তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার প্রতিদিনের প্রচারের সঙ্গী এক বোতল ওআরএস ও চকোলেটের প্যাকেট।সোমবারও বোতলে ওআরএস ও চকোলেট নিয়ে প্রচারে বেরন। প্রথমে সাগরের খানসাহেবাবাদ হরিণবাড়ির শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। প্রায় দশ কিলোমিটার রাস্তা র্যালি করেন। কয়েক কিলোমিটার রাস্তা প্রচার করেন পায়ে হেঁটে। তখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যাচ্ছিল। তারা প্রার্থীকে দেখে ছুটে আসে। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে। তাদের চকোলেট দেন বঙ্কিমবাবু। এছাড়াও পথচলতি শিশুদের চকোলেট খাওয়ান। তিন জায়গায় তিনি পথসভা করেন। র্যালির সময় রাস্তার দু’ধারে অনেক মানুষ ভিড় করেন। তাঁরা প্রার্থীকে স্বাগত জানিয়ে ফুল ছোড়েন। বঙ্কিমবাবু বলেন, ‘সংখ্যালঘু, আদিবাসী ও হিন্দু পাড়ায় র্যালি ও প্রচার করেছি। প্রচুর মানুষ আশীর্বাদ করেছেন। আদিবাসী মহিলাদের আতিথেয়তায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি আমি। মানুষ তৃণমূলের পাশে আছেন।’



