নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রামের বেসরকারি ছাত্রাবাস থেকে ‘ল্যাব টেকনিশিয়ান’ পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম আকাশ দাস (২২)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দুবরাজপুর। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। প্রেমিকার সঙ্গে ভিডিও কল করার পর আকাশ আত্মঘাতী হয়েছে বলে জানতে পেরেছে পরিবার। ভিডিও কলের কথা ছড়িয়ে পড়তই জল্পনা ছড়িয়েছে। তবে, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আকাশ দু’বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপর সে ল্যাব টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতে আসে বারাসতের একটি বেসরকারি কলেজে। বাবা স্বপন দাস পেশায় রাজমিস্ত্রি। ছেলের স্বপ্নপূরণ করতে কলেজ লাগোয়া একটি মেসে রেখে পড়াচ্ছিলেন। সেখানেই গত দু’বছর ধরে পড়াশোনা করছিল আকাশ। হঠাৎ করেই বৃহস্পতিবার কাকভোরে পরিবারের লোকজন জানতে পারেন, আকাশ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। এরপর তড়িঘড়ি পরিবারের লোকজন চলে আসেন বারাসতে। কথা বলেন সংশ্লিষ্ট ছাত্রাবাসের মালিকের সঙ্গে। আর মালিকের কাছ থেকে পরিবারের লোকজন জানতে পারেন, আকাশ এদিন রাতভর এক যুবতীকে ভিডিও কল করছিল। হঠাৎ করেই এরপর ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল ছাত্রাবাসের ঘর থেকে। মৃতের দাদা একাদশী দাস বলেন, ভাই একা একটি ঘরে থাকত। সকাল বেলা মেস মালিক আমাদের ফোন করে জানায় এই দুঃসংবাদ। ভাই প্রেমিকার সঙ্গে ভিডিও কল করে আত্মহত্যা করেছে বলে আমরা জেনেছি। আমাদের কাছে আত্মহত্যার প্রকৃত কারণ স্পষ্ট নয়। তবে, প্রেমঘটিত কারণ নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা ধোঁয়াশার।