‘ব্যাডস অব বলিউড’ দেখেছেন নিশ্চয়ই? লক্ষ্যর পারফরম্যান্স নিয়ে চর্চা চলছে নানা মহলে। বলিউডের পরবর্তী প্রজন্মের মধ্যে তিনি প্রথম সারির মুখ। লক্ষ্যকে ইতিমধ্যেই লম্বা রেসের ঘোড়া ধরে নিয়েছেন নির্মাতারা। সে কারণেই তাঁর হাতে এখন পরপর প্রজেক্ট। রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানির সঙ্গে জুটিতে তাঁর একটি ছবি করার জল্পনা ছিল বলিউডে। শোনা যাচ্ছে, সে ছবি পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন অনিরুদ্ধ আইয়ার। অ্যাকশন ঘরানার পর এবার রোমান্টিক ছবিতে দেখা যাবে লক্ষ্যকে। ‘কিল’ ছবির মাধ্যমে তাঁর অনস্ক্রিন উত্থান। ধীরে ধীরে নায়ক হওয়ার লক্ষ্যে পুরোদস্তুর নিজেকে তৈরি করেছেন। এবার সামনে নতুন চ্যালেঞ্জ। অ্যাকশন অবতারে লক্ষ্যর পারফরম্যান্স ইতিমধ্যেই পছন্দ করেছেন দর্শক। সে কারণেই তাঁকে বারবার অ্যাকশনে দেখার অনুরোধ জানিয়েছেন তাঁরা। তবে রোমান্টিক ঘরানাতেও তিনি সাবলীল অভিনয় করবেন, আশাবাদী নির্মাতারা।



