নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিলেন রিজওয়ানুর রহমান ও প্রিয়াঙ্কা টোডির ম্যারেজ রেজিস্ট্রার। কলকাতা নগর দায়রা আদালতের বিচারভবনে চলা এই মামলায় এদিন রিজওয়ানুর‑প্রিয়াঙ্কার ম্যারেজ নোটিস ও ম্যারেজ সার্টিফিকেটের কাগজপত্রও শনাক্ত করেন ওই সাক্ষী। আদালত সূত্রে খবর, ম্যারেজ রেজিস্ট্রার তাঁর সাক্ষ্যে জানিয়েছেন, তিনজন সাক্ষীর উপস্থিতিতে ওই দু’জনের আইনি বিয়ে সম্পন্ন হয়েছিল। এদিনই ওই ম্যারেজ রেজিস্ট্রারের সাক্ষ্য শেষ হয়। তারপর এক পুলিস অফিসার এই মামলায় আদালতে সাক্ষ্য দেন। এক অভিযুক্তের আইনজীবী অমিত ভট্টাচার্য জানান, এনিয়ে মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৯ ও ১০জুন। ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পাতিপুকুর রেল স্টেশনের কাছে পেশায় গ্রাফিক্স ডিজাইনার রিজওয়ানুর রহমানের মৃতদেহ পাওয়া গিয়েছিল। পরে তদন্তভার গ্রহণ করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনে। এই মামলায় এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সাক্ষী হিসেবে হাজির হয়েছেন রিজওয়ানুরের বৃদ্ধা মা, বিধায়ক দাদা, প্রিয়াঙ্কা টোডি, এক জ্যোতিষী, রেলের চালক-গার্ড। তবে অন্যতম সাক্ষী, যিনি রিজওয়ানুরের ময়নাতদন্ত করেছিলেন, তিনি মারা গিয়েছেন। তাই সাক্ষীর তালিকা থেকে বাদ গিয়েছেন তিনি।



