


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: উৎসবের মরশুম শেষ হতেই শহরের বেহাল রাস্তাগুলিকে নয়া রূপ দিতে উদ্যোগী হয়েছে হাওড়া পুরসভা। পুরসভার তত্ত্বাবধানে শহরের ন’টি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু করতে চলেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। আগামী চার মাসের মধ্যে আরও ২৯টি রাস্তার হাল ফেরাবে কেএমডিএ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেলিলিয়াস রোড, নরসিংহ দত্ত রোড, ফোরশোর রোড, বেনারস রোড, টিকিয়াপাড়া ইস্ট-ওয়েস্ট বাইপাস, কাঁটাপুকুর থার্ড বাই লেন, পঞ্চাননতলা রোড, তাঁতিপাড়া রোড এবং দেবেন্দ্র গাঙ্গুলি লেনে সংস্কারের কাজ চলছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এইসব রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল নিত্যযাত্রীদের। বিশেষ করে বেনারস রোডে বামনগাছি ব্রিজ থেকে ইস্ট ওয়েস্ট বাইপাস পর্যন্ত অংশ রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। পুজোর আগে রাস্তার একপাশ উঁচু করার পর সেই কাজ থমকে যায়। ওই অংশ দিয়ে ঝুঁকি নিয়েই টোটো, অটো চালাতে হয় চালকদের। মাঝেমধ্যেই দুর্ঘটনা লেগেই ছিল। একই অবস্থা ফোরশোর রোডের দক্ষিণমুখী লেনের। জলের পাইপলাইনের কাজের জন্য উত্তর হাওড়ার বেশ কয়েকটি রাস্তার কাজ মাঝপথেই থমকে গিয়েছিল। কেএমডিএ সূত্রে খবর, পেভার ব্লক বসিয়ে এই রাস্তাগুলি মজবুত ও টেকসই করা হবে। কাজ শেষ হলে ওই এলাকায় যান চলাচল অনেকটাই সচল হবে। পাশাপাশি বৃষ্টির সময় ওই এলাকায় জল জমার সমস্যাও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শহরের আরও ২৯টি রাস্তা সংস্কারের কাজ শেষ হবে। সেই প্রকল্পের ওয়ার্ক অর্ডার ডিসেম্বর মাসের মধ্যেই ছাড়া হবে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক বন্দনা পোখরিয়াল বলেন, ‘ধাপে ধাপে গোটা শহরের রাস্তার হাল ফেরানো হবে। রাস্তা সংস্কার হলে যানবাহন চলাচল যেমন মসৃণ হবে, তেমনই শহরের সার্বিক সৌন্দর্য্যও বাড়বে।’