Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গুরু স্মরণম

গুরু কেলুচরণ মহাপাত্রের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান সৃজন ছন্দ।

গুরু স্মরণম
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলি ঘোষ: গুরু কেলুচরণ মহাপাত্রের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান সৃজন ছন্দ। সঙ্গীত নাটক অ্যাকাডেমির সহযোগিতায় উত্তম মঞ্চে আয়োজিত ‘গুরু স্মরণম ২০২৫’ শীর্ষক এই অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট শিল্পীদের সম্মান প্রদান করা হয়। এরপর কেলুচরণ মহাপাত্রর কম্পোজিশনে নির্মিত সুজাতা মহাপাত্রের ‘মাণিক্য বীণা’ ও ‘সখী হে’ দুটি নৃত্য পরিবেশনা গুরুজির কালজয়ী শিল্পকলার স্মৃতি মনে করিয়ে দেয়। গীতা চন্দ্রনের উপস্থাপনার ‘ঋতুসংহার’ বসন্ত ঋতুর প্রাণবন্ত সারমর্মকে তুলে ধরে। শেষে বাল্মীকির রামায়ণে বর্ণিত সীতার প্রতি রাবণের মোহের একটি চিত্র তুলে ধরেন শিল্পী। এই নৃত্যে তাঁর অঙ্গসঞ্চালন ও সুদক্ষ অভিনয় দর্শকদের মুগ্ধ করে। রাজীব ভট্টাচার্যের পরিচালনায় তাঁর সংস্থার শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘কস্তুরি তিলকম’। ‘নাদ বিলাস’-এ নৃত্য এবং সঙ্গীতের মধ্যে সমন্বয় ছন্দ ও গতির সারমর্মকে সুন্দরভাবে বর্ণিত করে। মীরার ভজন ‘হরি তুম হারো’ নিবেদন গভীর আধ্যাত্মিক আবেগ জাগিয়ে তোলে। শেষে পরিবেশিত ‘নবদুর্গা’তে দেবীকে বিভিন্ন রূপে আহ্বান করেন শিল্পীরা। অনুষ্ঠানে নৃত্যাংশে অংশগ্রহণ করেন কমলিকা বোস, শ্রুতি ধর, দেবলীনা দত্ত, সৌমেন কুন্ডু প্রমুখ। সবশেষে প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস-এর লুনা পোদ্দার ও তাঁর ছাত্রদের পরিবেশনায় ছিল ‘অষ্ট নায়িকা’। নাট্যশাস্ত্রের নায়িকাদের বিভিন্ন আবেগের একটি চিত্র। 

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ