ঢাকা: লালন ফকিরের বাংলাদেশে কি এবার গান-বাজনাও বন্ধ হতে চলেছে? গত বছর শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এবার বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে গানের শিক্ষক নিয়োগ করা যাবে না বলে ‘ফতোয়া’ জারি করলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ ফয়জুল করিম। তাঁর হুঁশিয়ারি, কোনও অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ করা যাবে না। তার বদলে নিয়োগ করতে হবে ধর্মীয় শিক্ষক। সম্প্রতি ঢাকায় সংগঠনের এক কর্মসূচি থেকে করিম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের উদ্দেশে বলেন, ‘যদি বাংলাদেশে প্রাইমারি লেভেলে গানের শিক্ষক নিয়োগের দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে জবাব দেবে।’ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে রমরমা বেড়েছে মৌলবাদীদের। এর আগেও একাধিকবার সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলাদের ফুটবল ম্যাচে হাঙ্গামা চালিয়েছে তারা। ভাঙা হয়েছে অজস্র হিন্দু মন্দির। তবে এভাবে প্রকাশ্য সভা থেকে সরাসরি ইউনুসকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা এই প্রথম।



