বাংলা আকাদেমি সভাঘরে সদ্য আয়োজিত হল আবৃত্তি মেলা। ‘বলাক ওয়ার’-এর উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র ও আবৃত্তিকার কাজী সব্যসাচীর স্মরণে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শুরুতেই শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’। তৃপ্তি কুন্ডু রায়ের নিবেদনে ছিল কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী’। মোনালিসা চৌধুরী শোনান সলিল চৌধুরীর লেখা ‘ও মশাই শুনছেন’ এবং অচিন্ত্য মুখোপাধ্যায় শোনান সুভাষ মুখোপাধ্যায় রচিত ‘মিছিলের মুখ’। সবশেষে সমবেত কণ্ঠে গীতাঞ্জলির ৫৮ সংখ্যক কবিতা আবৃত্তি ও সংস্কৃত বৈদিক শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



