Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভালভার্দের দুরন্ত গোলে জয়ী রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর রবিবার লা লিগায় নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেখানে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধেও বেগ পেতে হল কার্লো আনসেলোত্তির দলকে।

ভালভার্দের দুরন্ত গোলে জয়ী রিয়াল
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর রবিবার লা লিগায় নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেখানে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধেও বেগ পেতে হল কার্লো আনসেলোত্তির দলকে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফেডেরিকো ভালভার্দের শেষ মুহূর্তের গোলে কোনওক্রমে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি (১-০)। সেই সুবাদে ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট পেয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সমংখ্যাক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে ৪ পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে বার্সেলোনা।

Advertisement

ঘরের মাঠে রবিবার প্রথমার্ধে রীতিমতো বিবর্ণ ছিল রিয়াল মাদ্রিদ। বোঝাই যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে উঠতে পারেননি ফুটবলাররা। তারপর আবার গত ম্যাচে লাল কার্ড দেখায় নির্বাসিত ছিলেন কিলিয়ান এমবাপেও। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরয় আনসেলোত্তি-ব্রিগেড। এই পর্বে প্রতিপক্ষের রক্ষণে ভিনিসিয়াসরা আক্রমণের ঝড় বইয়ে দিলেও কাঙ্ক্ষিত গোল আসছিল না। শেষ পর্যন্ত সংযোজিত সময়ে রিয়ালকে জেতালেন ভালভার্দে। বক্সে অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা প্রথম টাচে নিয়ন্ত্র্রণে নিয়ে ডান পায়ের দুরন্ত ভলিতে জাল কাঁপান উরুগুয়ান ফুটবলার (১-০)। ম্যাচের পর রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া বলছিলেন, ‘ভালভার্দের এই লক্ষ্যভেদে আমি মোটেই অবাক হইনি। কারণ, অনুশীলনে এমন গোল ও হামেশাই করে থাকে। কোচও তাই ওকে পারমর্শ দিয়েছিল, সুযোগ পেলেই যেন জোরে শট নেয়।’
আগামী শনিবার কোপা ডেল’রে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারবেন না বার্সার তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানডস্কি। সেই সুযোগ কাজে লাগিয়ে খেতাব ঘরে তুলতে মরিয়া আনসেলোত্তি-ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ