ফের একটি বায়োপিকে কাজ করতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও। শোনা যাচ্ছে, প্রখ্যাত সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের ভূমিকায় অভিনয় করবেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, এই চরিত্রে আমির খান কাজ করতে পারেন। প্রাথমিকভাবে তিনিই নাকি উজ্জ্বলের বায়োপিক তৈরিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর সঙ্গে বহু আলোচনাও করেছিলেন প্রযোজক দীনেশ বিজান। তবে তারপর আমির আর চরিত্রটি করতে রাজি হননি। সে কারণে রাজকুমারের কাছে প্রস্তাব গিয়েছে। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে তিনি চরিত্রটি করতে আগ্রহ প্রকাশ করেছেন। মুম্বইয়ের ২৬/১১-এর সন্ত্রাসবাদী হামলার মামলায় সরকারি আইনজীবী হিসেবে ছিলেন উজ্জ্বল। জানা গিয়েছে, আমির অভিনয় না করলেও এই সিনেমায় যৌথ প্রযোজকের ভূমিকায় থাকতে পারেন। উল্লেখ্য, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাতেও রাজকুমার অভিনয় করবেন বলে খবর বলি পাড়ায়।



