নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতারাতি উধাও হয়ে গেল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহিদ বেদি। কংগ্রেসের অভিযোগ, বারাসত পুরসভা বুলডোজার দিয়ে ভেঙে তা সরিয়ে দিয়েছে। এ নিয়ে নিন্দার ঝড় বইছে বারাসত শহরে। বেকায়দায় পড়ে পুরসভার সাফাই, অজান্তে এই ভুল হয়েছে। নির্দিষ্ট জায়গায় ফের বেদি তৈরি করে দেওয়া হবে।
জানা গিয়েছে, বারাসত পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নতুন পুকুর এলাকায় বারাসতের প্রাক্তন বিধায়ক প্রয়াত অশোক মুখোপাধ্যায়ের (গোপাল) পূর্ণাবয়ব মূর্তি বসানোর কাজ শুরু করেছে পুরসভা। ২৮ মে এই কাজকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। যেখানে অশোকবাবুর মূর্তি তৈরির কাজ হচ্ছে, সেখানেই ছিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির শহিদ বেদি। সেখানে বিভিন্ন কর্মসূচি পালন করত কংগ্রেস। অভিযোগ, অশোকবাবুর মূর্তি বসানোর জন্য ওই শহিদ বেদি রাতারাতি ‘উধাও’ করে দিয়েছে পুরসভা। বুলডোজার দিয়ে শহিদ বেদি ভাঙা হয়েছে। এ নিয়ে কংগ্রেস নেতা মিহির দে বলেন, রাজীব গান্ধীর সঙ্গে শুধু কংগ্রেস নয়, গোটা দেশের মানুষের আবেগ জড়িত। পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের উদ্যোগেই এই ন্যক্কারজনক কাজ হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ১৯৯১ সালে ওই বেদি তৈরি করা হয়েছিল।
বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, আমরাও রাজীব গান্ধীর হাত ধরে একটা সময় কংগ্রেস করেছিলাম। অজান্তেই এই ভুল হয়েছে। আগামী দিনে এই পুরবোর্ডই ওখানে রাজীব গান্ধীর শহিদ বেদি বসাবে। বারাসত পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের কাউন্সিলার বরুণ ভট্টাচার্য বলেন, ওখানে রাজীব গান্ধীর শহিদ বেদি আছে, তা সকলেই জানেন। চেয়ারম্যান কেন জানেন না, আমি জানি না! কংগ্রেসের সঙ্গে পুরসভা আলোচনা করে নিলেই পারত। বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার বলেন, প্রধানমন্ত্রী সবার। তাঁর শহিদ বেদি এভাবে সরিয়ে দেওয়া যায় না। এটা চূড়ান্ত লজ্জার ঘটনা। নিজস্ব চিত্র