Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

প্রকাশ্যে মুণ্ড কেটে খুন, পালটা পুলিশের সামনেই পিটিয়ে হত্যা, ডবল ইঞ্জিন বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

সামান্য পার্কিং নিয়ে গোলমাল। তার জেরে প্রকাশ্য রাস্তায় এক পিকআপ ভ্যান চালকের ধড় থেকে মুণ্ড আলাদা করে দিল ছাতু বিক্রেতা। পরে আবার হত্যাকারীকে ঘর থেকে বের করে পিটিয়ে মারল উত্তেজিত জনতা।

প্রকাশ্যে মুণ্ড কেটে খুন, পালটা পুলিশের সামনেই পিটিয়ে হত্যা, ডবল ইঞ্জিন বিহারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: সামান্য পার্কিং নিয়ে গোলমাল। তার জেরে প্রকাশ্য রাস্তায় এক পিকআপ ভ্যান চালকের ধড় থেকে মুণ্ড আলাদা করে দিল ছাতু বিক্রেতা। পরে আবার হত্যাকারীকে ঘর থেকে বের করে পিটিয়ে মারল উত্তেজিত জনতা। বিহারের আরারিয়া জেলায় বৃহস্পতিবার বেলায় ভয়ানক এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ছাতু বিক্রেতাকে যখন এলাকাবাসী ধরে নিয়ে আসে, তখন পুলিশ ঘটনাস্থলেই ছিল। তবে বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস তারা দেখায়নি। পরে দু’টি দেহই উদ্ধার করা হয়। এই ঘটনায় বিজেপি জোট শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল আরজেডি। তাদের বক্তব্য, রাজ্যে এখন কথায় কথায় খুন হচ্ছে। সরকারের কাছে মানুষের জীবনের কোনও মূল্যই নেই।  

Advertisement

পুলিশ জানিয়েছে, আলি হুসেন নামে একজন ফরবেশগঞ্জের রাস্তার পাশে তাঁর পিকআপ ভ্যান পার্ক করতে যান। তখনই ছাতু বিক্রেতা রবি চৌহানের সঙ্গে তাঁর ঝামেলা লাগে। পরিস্থিতি এতটাই গরম হয়ে যায় যে, অস্ত্র নিয়ে এসে রবি এক কোপে আলির গলা কেটে দেয়। তারপর সেই মুণ্ড নিয়ে রাস্তায় হেঁটে আস্ফালনও দেখায়। সেই সময় অন্য পথচারীরা ভয়ে পালিয়ে যান। তবে পরে আলির মুণ্ড রাস্তায় ফেলে লুকিয়ে পড়ে রবি। কিছুক্ষণের মধ্যেই মৃতের বাড়ির লোকজন এসে রবিকে ঘর থেকে টেনে বের করে। তারপর উত্তেজিত জনতা রড, লাঠি দিয়ে পিটিয়ে রাস্তাতেই রবিকে খুন করে। প্রথম খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলেও জনতাকে আটকানোর কোনো চেষ্টা করেনি। 
ঘটনার তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সংবেদনশীলতাকে মাথায় রেখে ফরবেশগঞ্জে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ