নয়াদিল্লি: দিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। গত রবিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মাণ ভবনে টেনে নিয়ে চারজন মিলে গণধর্ষণের চেষ্টা করে। তাঁর জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ ও দোষীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হন পড়ুয়ারা।
নির্যাতিতা বিশ্ববিদ্যালয়ের বি-টেকের ছাত্রী। তাঁর কাছে গত কয়েকদিন ধরে নানারকম ইমেল ও মেসেজ আসছিল। অজানা নম্বর থেকে আসা মেসেজে তাঁকে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল। এআইয়ের মাধ্যমে তৈরি করা একটি অশ্লীল ভিডিও বিভিন্ন মাধ্যমে দুষ্কৃতীরা ছড়িয়ে দেয় বলে নির্যাতিতার এক বন্ধু পুলিশকে জানিয়েছেন। অভিযুক্তদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা করে দুষ্কৃতীরা। ওইদিন বিকেলে পুলিশকে ফোন করে নির্যাতিতা সাহায্যের জন্য আবেদন করেন। পরে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তারক্ষী রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্যাতিতা ছাত্রীকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিশ্ববিদ্যালয়টি সার্কভুক্ত আটটি দেশের জন্য হয়েছিল। এর বেশিরভাগ তহবিলই দেয় ভারত।