Bartaman Logo
২ জুন, ২০২৬

বিহারে ভোটার অধিকার যাত্রায় যোগ প্রিয়াঙ্কার, দাদা তেজস্বীকেই মুখ্যমন্ত্রী চান রোহিণী

বিহারে ভোটার তালিকায় বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। তবে বিজেপিকে সুবিধা করে দিতে সেই ভোট গেরুয়া শিবিরের খাতায় যোগ করা হবে।

বিহারে ভোটার অধিকার যাত্রায় যোগ প্রিয়াঙ্কার, দাদা তেজস্বীকেই মুখ্যমন্ত্রী চান রোহিণী
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০

পাটনা: বিহারে ভোটার তালিকায় বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। তবে বিজেপিকে সুবিধা করে দিতে সেই ভোট গেরুয়া শিবিরের খাতায় যোগ করা হবে। মঙ্গলবার ‘ভোটার অধিকার যাত্রা’য় এভাবেই নির্বাচন কমিশন ও বিজেপিকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন রাহুলের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর বোন তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গে ছিলেন তেজস্বী যাদব, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। একসুরে তাঁরাও বিজেপিকে বিঁধেছেন। 

Advertisement

সম্প্রতি নির্বাচন কমিশন রাহুলের ‘ভোট চুরি’ অভিযোগ নিয়ে আপত্তি তুলেছিল। তা সত্ত্বেও ‘ভোট চুরি’ তত্ত্বে অনড় কংগ্রেস নেতা। তিনি বলেছেন, ‘বিজেপি নেতারা নিবার্চন কমিশনের হাত ধরে ভোট চুরি করছেন। মানুষকে এগিয়ে এসে ভোটাধিকার রক্ষা করতে হবে। নয়তো সংবিধান রক্ষা করা সম্ভব নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করেও কটাক্ষ করেছেন তিনি। রাহুলের কথায়, ‘অমিত শাহ বলেছিলেন, বিজেপি আরও ৪০-৫০ বছর ক্ষমতায় থাকবে। এখন বুঝতে পারছি, এই বক্তব্যের কারণ ছিল ভোট চুরি।’ এদিন সুপৌলে ভোটাধিকার যাত্রায় যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘মানুষের আস্থা হারিয়েছে ওরা, সে কারণেই দেশজুড়ে ষড়যন্ত্র করতে হচ্ছে। বিহারে বিজেপি-জেডিইউ সরকার মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অভিবাসন, অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় ব্যর্থ। সেই কারণে ক্ষমতা থাকতে ভোট চুরি করছে। দরিদ্র ও বঞ্চিত মানুষদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। কিন্তু ইন্ডিয়া জোট একটি ভোটও চুরি হতে দেবে না।’ 
এদিন পাটনায় সাংবাদিক বৈঠক করেছেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। তিনি জানিয়েছেন, বিহারের মানুষ তেজস্বীকেই ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। যদিও কংগ্রেস এখনও পর্যন্ত তাঁকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেনি। রোহিণীর অবশ্য জবাব, ‘সময় এলেই আনুষ্ঠানিক ঘোষণা হবে।’    

সম্পর্কিত সংবাদ