নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ক্লাস চলাকালীন বারবার ব্যাগ থেকে আতরের কৌটো বের করছিল বছর পাঁচেকের ছাত্রী। তাকে সেই কৌটো ব্যাগে রেখে দেওয়ার জন্য বলেছিলেন প্রধান শিক্ষক। কথা না শোনায় ওই ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ার একটি স্কুলে।
জানা গিয়েছে, সকালে পাঁচ বছরের শিশুটিকে স্কুলে রেখে আসেন তার মা। শিশুটি ব্যাগে করে একটি আতরের কৌটো নিয়ে গিয়েছিল সে। ক্লাস চলাকালীন বারবার ব্যাগ থেকে সেটি বের করছিল সে। প্রধান শিক্ষক বারণ করলেও তা শুনতে চায়নি শিশুটি। অভিযোগ, এরপরেই প্রধান শিক্ষক শিশুটিকে বেধড়ক মারধর করেন। মারের চোটে ছাত্রীর গালে ও চোখের নীচে কালশিটে পড়ে যায়। শিশুটির মা বলেন, ‘সামান্য আতরের কৌটো নিয়ে যাওয়ার জন্য মেয়েকে এইভাবে মারধর করেছে। এটা মেনে নেওয়া যায় না।’ ঘটনার পর ওই স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান শিশুটির পরিচিতরা। শিশুকে মারধরের কথা স্বীকার করেন প্রধান শিক্ষক। এরপর বাঁকড়া ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। বিকেল বেলা তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ‘লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’