Bartaman Logo
১০ জুন, ২০২৬

তৃণমূল কাউন্সিলারের ছেলের বিরুদ্ধে মামলা পুলিসের

জগদ্দল গুলি কাণ্ডে আগেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। গুলি ও বোমাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তারও করেছে।

তৃণমূল কাউন্সিলারের ছেলের বিরুদ্ধে মামলা পুলিসের
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল গুলি কাণ্ডে আগেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। গুলি ও বোমাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তারও করেছে। এবার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুনীতা সিংয়ের ছেলে নমিত সিং ও সোনু জওসওয়ালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল জগদ্দল থানা। গত বুধবার রাতের ঘটনার পর শুক্রবার একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, একদিকে দলবল নিয়ে নমিত সিং ও তার সাগরেদ সোনু জয়সওয়াল ওরফে তেলুয়াকে যেতে দেখা যাচ্ছে। অপরদিকে দলবল নিয়ে দেখা গিয়েছিল অর্জুন সিংকেও। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে এলাকায় গুলি ও বোমাবাজির অভিযোগ করেছিল। অর্জুন সিং অভিযোগ করেছেন, সিসি ক্যামেরায় নমিত সিংকে রিভলভার নিয়ে দেখা যাচ্ছে। তাই পুলিস নিজেই এফআইআর করেছেন। এবার তৃণমূলের নেতারা কোন মুখে বলবেন অর্জুন সিং গুলি চালিয়েছে? তবে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করে বলেন, ‘অর্জুন সিংই গুলি চালিয়েছিলেন এবং তার ছোঁড়া গুলিতেই দলের সক্রিয় কর্মী মহম্মদ সাদ্দাম ওরফে মইনুদ্দিন গুলিবিদ্ধ হয়েছে’। একদিকে যেমন পুলিস অর্জুন সিংকে নোটিস দিয়ে তলব করেছে, অপরদিকে ওই রাতে অস্ত্র হাতে নমিত ও তেলুয়াকে দেখা যাওয়ার অপরাধে তাদের নামে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, ‘দুষ্কৃতী দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। কোনওভাবেই বারাকপুরকে অশান্ত করতে দেওয়া হবে না।’ এদিকে শনিবারও জগদ্দল, ভাটপাড়া অঞ্চল ছিল থমথমে। ছিল পুলিসি টহল। বিশেষ করে মেঘনা মোড়, আটচালা বাগান ও রুস্তম গুমটি এলাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ