ইসলামাবাদ: সানা আমজাদ ও সোয়েব চৌধুরী। পাকিস্তানের দুই জনপ্রিয় ইউটিউবার। প্রায়শই তাঁরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ভিডিও পোস্ট করেন। কিন্তু গত দু’সপ্তাহ ধরে এই দু’জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এর জেরেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে বলা হচ্ছে, ভারতের প্রশংসা করতে গিয়েই বিপদে পড়েছেন এই দুই ইউটিউবার। পাক সরকারের শাস্তির মুখে পড়েছেন তাঁরা। শুধু তাই নয়, সানা ও সোয়েবকে ফাঁসি দিয়েছে পাকিস্তানের সেনা— এমন দাবিও করছেন অনেকে। আর এনিয়েই তোলপাড় নেটদুনিয়া।
Advertisement
সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল থেকে ‘মোদি সাডা শের হ্যায়’ নামে একটি ভিডিও ডিলিট করে দেন সানা। এমনকী দুই ইউটিউবারের ভিডিও আপলোড করাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এখান থেকেই সন্দেহের সূত্রপাত। এরইমাঝে দু’জনের নিখোঁজ হওয়ার খবর সামনে আসে। এমনকী দুই সপ্তাহ পরও তাঁদের কোনও নাগাল পাওয়া যায়নি। সম্প্রতি কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁদের ফাঁসি দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আসল সত্যি জানতে চেয়ে সরব হয়েছেন নেটিজনেরা। যদিও পাকিস্তানের সেনার তরফে এনিয়ে কোনও বক্তব্য মেলেনি। বিষয়টি নিয়ে দুই দেশের নেটপাড়ায় জল্পনা জারি।



