নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ৫০১ কোটি টাকা খরচ করে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি করে দিয়েছে রাজ্য। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের কাছে এটা বড় প্রাপ্তি। সোমবার শিলিগুড়িতে বিজনেস সামিটের মঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগে এখানকার মানুষজনকে কলকাতা হাইকোর্টে যেতে হতো। আমরা ৫০১ কোটি টাকা দিয়ে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি করে দিয়েছি। এটা এখানকার মানুষের কাছে বড় প্রাপ্তি।
হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন আগামী ১২ জুলাই উদ্বোধন হতে পারে বলেও এদিন ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। যদিও পরে তিনি বলেন, কবে উদ্বোধন হবে, সেটা হাইকোর্ট কর্তৃপক্ষ ঠিক করবে। আমরা সার্কিট বেঞ্চের ভবন তৈরি করে দিয়েছি।
বর্তমানে জলপাইগুড়ি স্টেশন রোডে জেলা পরিষদের ডাকবাংলোয় অস্থায়ীভাবে সার্কিট বেঞ্চ চলছে। জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি হয়েছে। কাজ প্রায় শেষ। ৮ মে ওই ভবনের ল্যান্ড ডিড হস্তান্তর হয়ে গিয়েছে। রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। এখন সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধনের তোড়জোড় চলছে। দু’দফায় ঘুরে গিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সরেজমিনে খতিয়ে দেখে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনের দিনক্ষণ না জানালেও শীঘ্রই যে নয়া ভবনে সার্কিট বেঞ্চ চালু করে দেওয়া যাবে, সেব্যাপারে আশা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজ প্রায় শেষের পথে। - নিজস্ব চিত্র।



