Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

মিলল না চিকিৎসা পরিষেবা, ছত্তিশগড় এক্সপ্রেসে অসুস্থ হয়ে মৃত্যু যাত্রীর

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বাঙালি যাত্রীর মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে যাত্রী মৃত্যুর ঘটনা ঘটল।

মিলল না চিকিৎসা পরিষেবা, ছত্তিশগড় এক্সপ্রেসে অসুস্থ হয়ে মৃত্যু যাত্রীর
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বাঙালি যাত্রীর মৃত্যুর রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে যাত্রী মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার ছত্তিশগড় এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, চলন্ত ট্রেনে বিশেষভাবে সক্ষম ওই যাত্রীর হার্ট অ্যাটাক হয়। কিন্তু অন-বোর্ড কোনও চিকিৎসা পরিষেবা মেলেনি। পরিবর্তে ওই ট্রেনের কর্মীরা যাত্রীর সঙ্গীদের পরামর্শ দেন, মথুরা স্টেশনে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন ছাড়ার কিছু সময় পর যেখানে হৃদরোগে আক্রান্ত হন ওই যাত্রী, সেখান থেকে মথুরার দূরত্ব ছিল অন্তত ১০০ কিলোমিটার। ফলে গুরুতর অসুস্থ হয়ে বেঘোরে প্রাণ হারান ওই যাত্রী। মৃতের নাম বিক্রম সিং। বছর চল্লিশের বিক্রম একজন হুইলচেয়ার ক্রিকেটার। গোয়ালিয়রে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ছত্তিশগড় এক্সপ্রেসে চেপেছিলেন তিনি। বিক্রম সিংয়ের সঙ্গে আরও তিনজন ছিলেন। আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর। দরদর করে ঘামতে থাকেন। বিক্রম যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তা আঁচ করতে পেরেছিলেন সঙ্গীরা। এই পরিস্থিতিতে ‘গোল্ডেন আওয়ার’ যাতে কোনওমতেই নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই অন-বোর্ড রেল কর্মীদের কাছে ছুটে গিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি।

Advertisement

বৃহস্পতিবার ওই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। আর তারপরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ম বলছে, রেলে যদি কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়েন বা কোনও কারণে আহত হন, তাহলে তৎক্ষণাৎ তাঁর অন-বোর্ড চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা। প্রাথমিক শুশ্রূষার যাবতীয় বন্দোবস্ত সেই ট্রেনেই থাকার কথা। এর জন্য প্রাথমিক প্রশিক্ষণও থাকতে হবে অন-বোর্ড রেল কর্মীদের। ছত্তিশগড় এক্সপ্রেসের ঘটনা আদতে রেলের পরিকাঠামোগত অভাবকেই বেআব্রু করে দিল বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। এই বিষয়ে রেলমন্ত্রকের পক্ষ থেকে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ