নয়াদিল্লি: পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করে ভারত। তার পাল্টা হিসেবে নিজেদের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে দেয় ইসলামাবাদ। কিন্তু দেখা যাচ্ছে, তাতে ভারতের থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে পাকিস্তানেরই। ভারতের বিমান সংস্থাগুলি পাকিস্তানের আকাশ এড়িয়ে চলার ফলে প্রতিদিন কয়েক লক্ষ ডলারের রাজস্ব হারাচ্ছে ইসলামাবাদ। যাকে বলা হয় ‘ওভারফ্লাইট ফি’। অনেকেই বলছেন, আকাশপথ বন্ধ করে নিজেদের পায়েই কুড়ুল মেরেছে পাক সরকার। এক্স হ্যান্ডলে নরেন মেনন নামে এক ব্যক্তি লিখেছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান পরিবহণের দেশ থেকে পাকিস্তান ‘ওভারফ্লাইট ফি’ থেকে বঞ্চিত হচ্ছে। যার পরিমাণ বছরে অন্তত ১০ কোটি ডলার। মানবসভ্যতার ইতিহাসে এমন বোকামো আর কখনও দেখা যায়নি।’



