সংবাদদাতা, কাটোয়া: প্রাকৃতিক বিপর্যয়ই হয়ে দাঁড়াল আশীর্বাদ। গত মঙ্গলবার বৈষ্ণোদেবী দর্শন করে পহেলগাঁওয়ে ফিরছিল কাটোয়ার প্রামানিক পরিবার। পথে রামবানে শুরু হয় ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। হড়পা বান। চালক তা দেখে পহেলগাঁও না গিয়ে অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে নেন। সুরক্ষিত ভাবে তিনশ কিমি দূরে ডোডা জেলার ভাদরবা এলাকায় হোটেলে পৌঁছে দেন প্রামানিক পরিবারকে। তা না হলে হয়তো প্রামানিক পরিবারকেও পড়তে হতো জঙ্গিদের গুলির মুখে। তাঁদের গাড়িতে দু’টি শিশুও ছিল। বিপদ থেকে রক্ষা পেলেও আপাতত হোটেলে বন্দি অবস্থায় দিন কাটছে তাঁদের।
কাটোয়ার আতুহাটপাড়ার বাসিন্দা কৃষ্ণ প্রামানিক, স্ত্রী সঞ্চিতা, ছেলে সৌরভ, বউমা, মেয়ে, নাতি সহ কাটোয়ার ১৫ জন একটি ট্যুর সংস্থার সঙ্গে ১৮ এপ্রিল কাশ্মীর বেড়াতে যান। এখন তাঁরা হোটেলে আতঙ্কের মধ্যেই রয়েছেন। এদিন কৃষ্ণ প্রামানিকের ছেলে সৌরভ বলেন, ভাগ্যিস প্রাকৃতিক বিপর্যয় হল। আর কাশ্মীরের গাড়ির চালক অশোক শর্মা আমাদের গাড়ি পহেলগাঁও না নিয়ে গিয়ে ডোডার হোটেলে নিয়ে এলেন। তবে আমাদের হোটেলের বাইরে বেরতে দেওয়া হচ্ছে না। চারিদকে সাঁজোয়া গাড়ি যাতায়াত করছে। এখানে বৃহস্পতিবার ‘ব্ল্যাক ডে’ পালন করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা মাঝেমধ্যে বিছিন্ন হয়ে যাচ্ছে। বাড়ির লোকেরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাঁরা বার বার ফোন করছেন। কাটোয়া শহরে আরেক পর্যটক এদিন বলছিলেন, হোটেলে আছি আমরা। বাড়িতে দুশ্চিন্তা করছে। এবারটা বরাত জোরে বেঁচে গেলাম। কৃষ্ণ প্রামানিক বলেন, আমাদের ইচ্ছা ছিল পহেলগাঁওয়ে ঘুরতে যাওয়ার। এত খরচ করে এসেও সেটা হল না।
পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিরীহ পর্যটকদের মৃত্যুর খবর শুনে কাটোয়া শহরের অনেকেই পরিকল্পিত কাশ্মীর ভ্রমণ বাতিল করেছেন। চিন্তায় পড়েছে ট্যুর সংস্থাগুলি। ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে। বাঙালি তাই বারে বারে যায় কাশ্মীরে। কিন্তু সেখানকার পরিস্থিতি যতবার অগ্নিগর্ভ হয়েছে, ততবারই ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন শিল্প। মূলত শ্রীনগর, শোনমার্গ, পহেলগাঁও বাঙালি পর্যটকদের পছন্দের জায়গা। পহেলগাঁও থেকে ঘোড়ায় চেপে ১৬ কিমি দূরে ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরনে যাওয়া যায়। সেখানেই চলে জঙ্গিদের নৃশংস হত্যালীলা। কাটোয়া শহরের ট্যুর সংস্থাগুলি বলছে, যতবারই কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। কাটোয়ার ট্যুর সংস্থার মালিক তুহিন দাস, সুজিত দাস বলছেন, জঙ্গি হানার ঘটনায় আমাদেরও কাশ্মীর ট্যুর বাতিল হয়েছে। এখন কী হবে ভেবে পাচ্ছি না। কাশ্মীরে হোটেলে আটকে কাটোয়ার প্রামানিক পরিবার।