নিজস্ব প্রতিনিধি, বরানগর: কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ডায়ারিয়ার প্রকোপ দেখা দেওয়ায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্তের সংখ্যা শতাধিক বলে খবর। সাগর দত্ত সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে প্রায় ৪০ জন ভর্তি রয়েছেন। যে যে এলাকায় ডায়ারিয়া ছড়িয়েছে, পুরসভার তরফে সেসব অঞ্চলে পাইপের মাধ্যমে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বদলে পাঠানো হচ্ছে জলের ট্যাঙ্ক। সেই সঙ্গে পাইপলাইনের জল পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পুরসভা ও স্থানীয় সূত্রে খবর, চার দিন ধরে ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। চৌধুরীপাড়া এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। পেটব্যথা,বমি ও পায়খানা হচ্ছে বিভিন্ন বয়সিদের।



