নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শহরের জঞ্জাল সাফাইয়ের জন্য আরও ২৫টি অত্যাধুনিক কমপ্যাক্টর কিনছে বিধাননগর পুরসভা। এই মেশিনের মাধ্যমে জঞ্জালকে অনেকগুণ কমিয়ে আনা সম্ভব। ফলে, ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে জায়গাও আগের চেয়ে কম লাগবে। দ্বিতীয়ত, ডাম্পিং গ্রাউন্ডে অনেক সময় গাড়ির চাপ থাকে। তাই আবর্জনা ভর্তি অবস্থায় এই ধরনের মেশিন পার্কিং করেও রাখা যায়। তাতে দুর্গন্ধও ছড়াবে না। পুরসভা জানিয়েছে, খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। তারপরই পুরসভার হাতে আসবে মেশিনগুলি। সবগুলি এসে গেলে পুরসভায় কমপ্যাক্টরের কোনও ঘাটতি থাকবে না।
Advertisement
বিধাননগর পুরসভার মোট ৪১টি ওয়ার্ড। আগে মোল্লার ভেড়িতে পুরসভার আবর্জনা ফেলা হতো। কিন্তু, আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে গিয়েছে। এখন বিধাননগরের আবর্জনা ফেলা হয় কলকাতার ধাপায়। তাতে আবর্জনা নিয়ে যেতেও সময় বেশি লাগে, গাড়িও বেশি দরকার হয়, খরচও বেশি। আবর্জনা ফেলার জন্য তাই নিউটাউন এলাকায় একটি নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে। ওই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে বিধাননগরের আবর্জনা আর কলকাতায় নিয়ে গিয়ে ফেলা হবে না। তবে, যতদিন না পর্যন্ত ওই প্রকল্পের কাজ শেষ হচ্ছে, ততদিন ধাপাতেই ফেলতে হবে। তার জন্য অত্যাধুনিক কমপ্যাক্টরগুলি বিশেষ প্রয়োজন। সেই কারণেই এই মেশিন কেনার জন্য উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।
বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (জঞ্জাল সাফাই) দেবরাজ চক্রবর্তী বলেন, শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে এই ২৫টি অত্যাধুনিক কমপ্যাক্টর কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বাড়ি থেকে যে ছোট গাড়িগুলি জঞ্জাল সংগ্রহ করে, সেগুলি এবার থেকে আবর্জনা সরাসরি এই কমপ্যাক্টর মেশিনে ফেলবে। তারপর প্রসেসিং হবে। অর্থাৎ, জঞ্জালের আয়তন কমে যাবে। দ্বিতীয়ত, আবর্জনা নিয়ে যদি এই মেশিনগুলিকে পার্কিং করে একদিন রাখতে হয়, তার জন্য আমরা একটি ফাঁকা জায়গা চিহ্নিত করছি। সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। কারণ, মেশিনগুলি চারদিক থেকে ঢাকা থাকে।