Bartaman Logo
৯ জুন, ২০২৬

অপারেশন কেল্লার: কাশ্মীরে খতম টিআরএফ কমান্ডার সহ তিন জঙ্গি

ভূস্বর্গে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সোপিয়ানে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ তিন লস্কর জঙ্গি।

অপারেশন কেল্লার: কাশ্মীরে খতম  টিআরএফ কমান্ডার সহ তিন জঙ্গি
  • ১৪ মে, ২০২৫ ০৯:০৫
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ভূস্বর্গে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সোপিয়ানে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ তিন লস্কর জঙ্গি। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় সামনে এসেছে। তারা হল শাহিদ কুট্টে ও আদনান শাফি দার। জানা গিয়েছে, লস্করের ছায়া সংগঠন টিআরএফ-এর কমান্ডার ছিল কুট্টে। পহেলগাঁও হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ছিল এই জঙ্গি। তৃতীয় জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে। ‘অপারেশন সিন্দুর’ পরবর্তী সময়ে এটাই নিরাপত্তা বাহিনীর প্রথম সফল অভিযান।  যার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন কেল্লার’। ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তারপর কেটে গিয়েছে তিন সপ্তাহ। অভিযুক্তদের খোঁজ পেতে উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। এবার সোপিয়ানে সর্বত্র লাগানো হল আসিফ ফৌজি, সুলেমান শাহ ও আবু তালহার পোস্টার। সেখানে উর্দুতে লেখা রয়েছে, জঙ্গিদের হদিশ দিতে পারলে পুরস্কার বাবদ ২০ লক্ষ টাকা দেওয়া হবে। প্রসঙ্গত, জঙ্গি হামলার পরেই এই অভিযুক্তদের স্কেচ প্রকাশ্যে এসেছিল। এবার পোস্টার দিয়ে তাদের বিষয়ে তথ্য চাইল পুলিস-প্রশাসন। 

Advertisement

পহেলগাঁও হামলার পরেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার বিশেষ সূত্রে সোপিয়ানের শুক্রুর কেল্লার জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে তল্লাশি শুরু করে বাহিনী। সেনার এক মুখপাত্র জানান, শোয়েকাল কেল্লারে অভিযান চলাকালীন আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে শহিদ ও আদনান সহ তিন জঙ্গির মৃত্যু হয়েছে। 
সোপিয়ানের হীরপোরার বাসিন্দা কুট্টে। ২০২৩ সালের ৮ মার্চ লস্কর ই তোইবার সদস্য হয়েছিল ‘এ’ ক্যাটিগরির এই জঙ্গি। অন্যদিকে ‘সি’ ক্যাটিগরির জঙ্গি আদনান ছিল সোপিয়ানের ওয়ান্দুনার বাসিন্দা। বাহিনীর এক আধিকারিক বলেন, ‘২০২৪ সালের ৮ এপ্রিল একটি রিসর্টে হামলা চালিয়েছিল কুট্টে। গাড়ি চালকের পাশাপাশি জখম হয়েছিলেন দুই জার্মান পর্যটক। ১৮ মে হীরপোরায় বিজেপি সরপঞ্চের খুনেও হাত ছিল এই জঙ্গির। একইসঙ্গে গত ৩ ফেব্রুয়ারি কুলগামের বেহিবাগে দুই জওয়ানকে হত্যার ঘটনায় অভিযুক্তদের তালিকায় ছিল সে।’ তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ১৮ অক্টোবর লস্করে নাম লিখিয়েছিল আদনান। সেদিনই সোপিয়ানের ওয়াচিতে এক পরিযায়ী শ্রমিককে খুন করেছিল এই জঙ্গি।’ এদিকে মঙ্গলবার ফের স্বাভাবিক ছন্দে ফিরল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও এদিন ভূস্বর্গে যাওয়া-আসা করা উড়ান বাতিল করে কয়েকটি বিমান সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ