Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার টাটানগর! বাংলা বলার ‘অপরাধে’ আক্রান্ত বাঙালি শ্রমিক!

বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ ফের আক্রান্ত বাঙালি! এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের টাটানগর স্টেশন। আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে কলকাতায় আনা হয়েছে আক্রান্তকে।

এবার টাটানগর! বাংলা বলার  ‘অপরাধে’ আক্রান্ত বাঙালি শ্রমিক!
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ ফের আক্রান্ত বাঙালি! এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের টাটানগর স্টেশন। আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে কলকাতায় আনা হয়েছে আক্রান্তকে।  জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম তফসেল জমাদার। তাঁর বাড়ি ন্যাজাট থানার বয়ারমারি গ্রামে। এখন কলকাতার পিজিতে চিকিৎসাধীন তিনি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারমারি এলাকা থেকে ২০ জন শ্রমিক ঝাড়খণ্ডে কাজে যাচ্ছিলেন। ট্রেন থেকে টাটানগর স্টেশনে নামার পর নিজেদের মধ্যে তাঁরা বাংলাতেই কথাবার্তা বলছিলেন। তখনই দুই যুবক স্টেশনের মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে তফসেলের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হতে হয় আরও এক যুবককে। অন্যান্যরা কোনওরকমে দৌড়ে পালান। মাটিতে লুটিয়ে পড়েন তফসেল। তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্স ভাড়া করে দু’জনকে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে। 
স্থানীয় বাসিন্দা নুসরত জামাদার বলেন, ‘বাংলায় কথা বলার জন্যই আক্রান্ত হতে হল তফসেলকে। যত দিন যাচ্ছে, দেখছি বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন রাজ্যে বেড়ে চলেছে। আমরাই চাঁদা তুলে দু’জনকে পিজিতে ভর্তি করানোর ব্যবস্থা করেছি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এর একটা বিহিত করুন।’ রবিবার রাতেই ন্যাজাট থানার এক পুলিশকর্তা এক আক্রান্তের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে।

সম্পর্কিত সংবাদ