সংবাদদাতা, কাকদ্বীপ: এবার ১১৭ নম্বর জাতীয় সড়কের দুই পাশে সরকারি জমি দখল মুক্ত করার উদ্যোগ নিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়কের দুই ধারের অবৈধ দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে মাইক প্রচার শুরু হয়েছে। আগামী তিন মাস সপ্তাহে দু’দিন করে এই মাইক প্রচার চলবে। এর মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, জাতীয় সড়কের দুই পাশে সরকারি জমি অবিলম্বে দখলমুক্ত করতে হবে। না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকী প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো হবে। এছাড়াও জাতীয় সড়কের দুই পাশে ইমারতি দ্রব্য রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে রাস্তার দু’ধারে যে বালি, স্টোনচিপস রাখা রয়েছে, সেগুলিকে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে রাস্তা সম্প্রসারণের জন্য। শীঘ্রই এই কাজ শুরু হবে। জাতীয় সড়কের কাকদ্বীপ অফিসের অধীনে থাকা এলাকা জুড়ে এই মাইক প্রচার করা হচ্ছে। কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের সামনে থেকে বকখালি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে প্রচার চলছে। ২০২৫-২৬ অর্থ বর্ষ থেকে এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার সম্ভাবনা। প্রথম পর্যায়ে নামখানা বিডিও অফিস থেকে বকখালি পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার রাস্তার সম্প্রসারণ করা হবে। বর্তমানে ১১৭ নম্বর জাতীয় সড়কে সাত মিটার চওড়া পিচ রাস্তা রয়েছে। এক্ষেত্রে দুই ধার থেকে আরও সাড়ে ৪ মিটার করে প্রায় ৯ মিটার পিচ রাস্তা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।



